বার্সা ছেড়ে পিএসজিতে যেতে চান তোরেস

বার্সেলোনা তারকা ফেরান তোরেসের পিএসজিতে সম্ভাব্য দলবদল ঘিরে তৈরি হওয়া তীব্র জল্পনা-কল্পনাকে খুব একটা আমল না দিয়ে কৌশলগত প্রতিক্রিয়া জানিয়েছেন দলের প্রধান কোচ হান্সি ফ্লিক। নতুন লা লিগা মৌসুম শুরুর আগে কাতালান ক্লাবটিতে দলবদলের গুঞ্জন শিরোনাম দখল করে থাকায় প্রাক-মৌসুমে জটিল সময় পার করছেন এই জার্মান কোচ। 

ক্লাবের সঙ্গে ২৬ বছর বয়সী স্প্যানিশ উইঙ্গার তোরেসের চুক্তি শেষ হতে এখন এক বছরেরও কম সময় বাকি। ফরাসি জায়ান্ট পিএসজির সঙ্গে তোরেস ইতিমধ্যে ব্যক্তিগত শর্তাবলিতে সমঝোতায় পৌঁছেছেন এবং তিনি বার্সেলোনা কর্তৃপক্ষকে পিএসজিতে যোগ দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন বলে খবর চাউর হয়েছে।

ইতালির উদিনেতে প্রাক-মৌসুম সফর শেষে সাবেক ম্যানচেস্টার সিটি তারকা তোরেসের লিগ-১-এ পাড়ি জমানোর সম্ভাবনা নিয়ে সরাসরি জানতে চাওয়া হলে ফ্লিক ধোঁয়াশা বজায় রেখে জানান যে তিনি ফুটবলারদের ছুটিকে সম্মান জানান এবং এ বিষয়ে তার কাছে অতিরিক্ত কোনো তথ্য নেই। 

তবে নতুন মৌসুমের আগে দল পুনর্গঠন ও অর্থনৈতিক হিসাবের ভারসাম্য রক্ষার তাগিদে প্যারিস থেকে বড় অঙ্কের প্রস্তাব এলে বার্সেলোনা তোরেসকে ছেড়ে দিতে পদক্ষেপ নিতে বাধ্য হতে পারে।