কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪

এ বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ। গত বছরের তুলনায় এবার পাসের হার বাড়লেও কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা। ফলাফলে পাসের হার ও জিপিএ-৫—দুই ক্ষেত্রেই ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা।

এবার কুমিল্লা শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে মোট ৯ হাজার ৮১৪ জন শিক্ষার্থী। গত বছর এ সংখ্যা ছিল ৯ হাজার ৯০২ জন। সোমবার সোয়া ১০টার দিকে কুমিল্লা শিক্ষা বোর্ড মিলনায়তনে ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম।

ফলাফল বিবরণী অনুযায়ী, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন ছয় জেলার ১ হাজার ৮২৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৪৫ হাজার ৮৩৫ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৯৫ হাজার ৩৯৯ জন। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ৩৭ হাজার ২০৩ জন ছেলে এবং ৫৮ হাজার ১৯৬ জন মেয়ে।

ছেলেদের পাসের হার ৬৩ দশমিক ২৪ শতাংশ এবং মেয়েদের ৬৬ দশমিক ৮৮ শতাংশ। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৫ হাজার ৮৪৮ জন মেয়ে এবং ৩ হাজার ৯৬৬ জন ছেলে।

বিভাগভিত্তিক ফলাফলেও মেয়েরা এগিয়ে রয়েছে। বিজ্ঞান বিভাগে পাসের হার ৮২ দশমিক ৮৮ শতাংশ। এ বিভাগে ছেলেদের পাসের হার ৮১ দশমিক ৬৬ শতাংশ এবং মেয়েদের ৮৩ দশমিক ৭৭ শতাংশ।

মানবিক বিভাগে পাসের হার ৫০ দশমিক ৬১ শতাংশ। এর মধ্যে ছেলেদের পাসের হার ৪৫ দশমিক ০৫ শতাংশ এবং মেয়েদের ৫২ দশমিক ২৫ শতাংশ।

অন্যদিকে, ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৫৭ দশমিক ৪০ শতাংশ। এ বিভাগে ছেলেদের পাসের হার ৫২ দশমিক ৪৪ শতাংশ এবং মেয়েদের ৬৩ দশমিক ৮২ শতাংশ।

এবার কুমিল্লা শিক্ষা বোর্ডে শতভাগ শিক্ষার্থী পাস করেছে এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ২৪টি। গত বছর এ সংখ্যা ছিল ২২টি।

ফলাফল ঘোষণা অনুষ্ঠানে বোর্ডের সচিব অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, উপপরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোসা. পাপিয়া আক্তারসহ বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।