ডিএমপির ৭ কর্মকর্তাকে বিভিন্ন বিভাগে পদায়ন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।

আদেশ অনুযায়ী, গোয়েন্দা রমনা বিভাগে বদলির আদেশ পাওয়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আল আমিন হোসাইনকে বাড্ডা জোনে এবং ট্রাফিক-তেজগাঁও বিভাগে বদলির আদেশ পাওয়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এহসানুল কামরান তানভীরকে ট্রাফিক-লালবাগ বিভাগে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া সহকারী পুলিশ কমিশনার জিয়াউল হক শাহকে পেট্রোল-মোহাম্মদপুর, রাকিবুল হাসান সাকিবকে পেট্রোল-উত্তরা-পূর্ব এবং মো. সাইফুল্লাহকে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম-উত্তর বিভাগের ওয়েববেজড ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে।

পেট্রোল-উত্তরা-পূর্ব বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমানকে অপারেশনস বিভাগের ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার-৩ এবং পিওএম বিভাগের সহকারী পুলিশ কমিশনার শাহিবুল ইসলামকে লজিস্টিক বিভাগের অস্ত্রাগারে পদায়ন করা হয়েছে।

আদেশে আরও বলা হয়েছে, গত ৬ আগস্ট জারি করা ট্রাফিক-তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তানিয়া সুলতানার বদলির আদেশ বাতিল করা হয়েছে।