ভূরুঙ্গামারীতে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, গ্রেপ্তার ১৭

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে শহিদুল ইসলাম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের খামার আন্ধারীঝাড় গ্রামের ব্রিজপাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। সংঘর্ষ ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ ১৭ জনকে গ্রেপ্তার করেছে।

নিহত শহিদুল ইসলাম ওই গ্রামের কানিপাড়া এলাকার আব্দুল শেখের ছেলে। আহত দুজন হলেন মবদুল ও সাবিনা।

স্থানীয় সূত্রে জানা গেছে, খামার আন্ধারীঝাড় এলাকার আব্দুল শেখ ও শুক্কুর আলীর মধ্যে প্রায় আট শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধ মীমাংসায় স্থানীয়ভাবে কয়েক দফা সালিশ এবং ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে নিষ্পত্তির চেষ্টা করা হয়।

সোমবার দুপুরে শুক্কুর আলীসহ কয়েকজন বিরোধপূর্ণ জমিতে চাষ করে রোপা আমনের চারা রোপণের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় শহিদুল ইসলাম ও তাঁর স্বজনেরা সেখানে গিয়ে বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষে শহিদুল ইসলাম গুরুতর আহত হন। তাঁকে স্বজনেরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়দের দাবি, মাছ ধরার লোহার কোঁচা দিয়ে তাঁকে আঘাত করা হয়েছিল।

খবর পেয়ে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, ‘জমিজমা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। সোমবার তা সংঘর্ষে রূপ নেয়। এতে একজন নিহত হয়েছেন। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে মারামারি ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’