কর্ণফুলীতে প্রাইভেট পড়তে যাওয়ার পথে ৮ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত আটক

চট্টগ্রামের কর্ণফুলীতে প্রাইভেট পড়তে যাওয়ার পথে আট বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. শাহ আলম (৩৮) নামের এক ব্যক্তিকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

সোমবার (১০ আগস্ট) সকাল আনুমানিক ১০টার দিকে শিকলবাহা ইউনিয়নের একটি পরিত্যক্ত মাদ্রাসার বারান্দায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার শাহ আলম শিকলবাহা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাস্টারহাট সেজ্যাগোষ্ঠীর বাড়ির মৃত জাফর আহম্মদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে বাড়ি থেকে বের হয়ে শিশুটি প্রাইভেট পড়তে যাচ্ছিল। পথিমধ্যে শাহ আলম তাকে ডেকে একটি পরিত্যক্ত মাদ্রাসার বারান্দায় নিয়ে যায়। সেখানে শিশুটিকে ১০ টাকা দিয়ে প্রলোভন দেখিয়ে যৌন নিপীড়ন ও ধর্ষণ চালায়।

এ সময় মো. সাদ্দাম নামের এক স্থানীয় বাসিন্দাসহ আশপাশের লোকজন বিষয়টি দেখতে পান। পরে তাঁরা এগিয়ে এসে শাহ আলমকে হাতেনাতে আটক করেন এবং কর্ণফুলী থানা-পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামিকে নিজেদের হেফাজতে নেয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক শাহ আলমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।