কুমিল্লার মুরাদনগরে পারিবারিক কলহের জেরে আর্জুনা বেগম (৩৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী জামাল শিকদারের বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে জামাল শিকদার পলাতক রয়েছেন।
সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে পার্শ্ববর্তী দেবীদ্বার উপজেলার রাজামেহের এলাকা থেকে এসে পাহাড়পুর গ্রামে বসতি গড়ে তোলেন জামাল শিকদার ও আর্জুনা বেগম। বর্তমানে জামাল শিকদার পাহাড়পুর এলাকার বিসমিল্লাহ ফিশারি প্রজেক্টে কর্মরত। তাদের সংসারে ১৪ বছর বয়সী একটি মেয়ে ও ১০ বছর বয়সী একটি ছেলে রয়েছে।
স্থানীয়দের ভাষ্য, সোমবার দুপুর ১২টার দিকে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ১০ বছর বয়সী ছেলে ইয়াসিনের সামনেই ‘দা’ দিয়ে আর্জুনা বেগমকে আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান। ঘটনার পর জামাল শিকদার পালিয়ে যান।
পাহাড়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুস ছামাদ মাঝি বলেন, খবর পেয়ে তিনি ওই বাড়িতে গিয়ে ঘরের দরজার কাছে রক্তাক্ত অবস্থায় আর্জুনা বেগমকে পড়ে থাকতে দেখেন। মাকে কোপানোর সময় নিহতের ছেলে ইয়াসিন ঘটনাস্থলে ছিলেন বলে তিনি জানান।
মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, ঘটনার পর থেকে নিহতের স্বামী জামাল শিকদার পলাতক রয়েছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।