১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে দেশের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ১৯৭১ ও ২০২৪ সালে দেশের জন্য যারা আত্মত্যাগ করেছেন, তাদের মূল লক্ষ্য ছিল মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে মানুষের মৌলিক চাহিদা পূরণ হবে এবং সবাই শান্তিতে বসবাস করতে পারবে।
সোমবার (১০ আগস্ট) বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে বাংলাদেশ স্কাউটস আয়োজিত জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, তাঁদের আত্মত্যাগের ঋণ কোনোভাবেই শোধ করার নয়। তাঁরা দেশে ইতিবাচক পরিবর্তন আনার মহৎ উদ্দেশ্যে জীবন দিয়েছেন। তাই তাঁদের যথাযথ মর্যাদা দিতে শুধু স্মরণ করলেই হবে না; দেশের মানুষের কল্যাণে প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে।
স্কাউটদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, দেশের ও মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা সব সময় ধরে রাখতে হবে। প্রকৃতি ও পরিবেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে এবং অন্যদেরও এ ধরনের কাজে উৎসাহিত করতে হবে।
অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে বাংলাদেশ স্কাউটসের শহীদ পরিবারের ১০ সদস্যের হাতে বিশেষ সম্মাননা পদক ও আর্থিক সহায়তার চেক তুলে দেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশ স্কাউটসের সভাপতি নাসিমুল গণি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের বীরত্ব ও আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে শহীদদের অবদান জাতীয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার দাবি জানান।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিনসহ শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।