মৌলভীবাজার সীমান্তে গুলিতে নিহত তরুণের মরদেহ ফেরত দিল বিএসএফ

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি তরুণ মো. তারা মিয়ার (১৯) মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের পর আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়।

নিহত তারা মিয়া কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া বস্তি এলাকার আব্দুল মালেকের ছেলে।

পুলিশ ও বিজিবি সূত্র জানায়, এদিন সন্ধ্যায় উপজেলার চাতলাপুর শুল্ক স্টেশন ও ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের উপস্থিতিতে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর ভারতীয় পুলিশ কুলাউড়া থানা পুলিশের কাছে নিহত তরুণের মরদেহ হস্তান্তর করে। পরে পুলিশের উপস্থিতিতে নিহতের বড় ভাই রাজু মিয়া তার ভাইয়ের মরদেহ গ্রহণ করেন।

মরদেহ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, দুই দেশের মধ্যে প্রয়োজনীয় আইনি আনুষ্ঠানিকতা শেষে চাতলাপুর স্থলবন্দর সীমান্ত দিয়ে ভারতীয় পুলিশ তাদের কাছে মরদেহটি বুঝিয়ে দেয়। এরপর যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের সদস্যদের কাছে তা হস্তান্তর করা হয়েছে।

গত শনিবার দিবাগত রাতে তারা মিয়াসহ চার-পাঁচজন বাংলাদেশি যুবক অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় বিএসএফের একটি টহল দল তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে বিএসএফ সদস্যরা গুলি চালালে ঘটনাস্থলেই তারা মিয়ার মৃত্যু হয়। এই ঘটনার পর তার সঙ্গে থাকা অন্য সঙ্গীরা দ্রুত পালিয়ে বাংলাদেশে ফিরে এসে আত্মগোপন করেন। নিহত ওই তরুণ সীমান্ত চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।