অস্ত্রোপচারে চিকিৎসকের হাতে ছিল ছু্রি-কাঁচি, সোনু ধরলেন রফির গান

প্রথাগত মঞ্চ কিংবা রেকর্ডিং স্টুডিও নয়, এবার হাসপাতালের অস্ত্রোপচার কক্ষে শুয়েই গান গাইলেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী সোনু নিগম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শিল্পীর গান গাওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর ভক্ত ও অনুরাগীদের মধ্যে ব্যাপক কৌতূহল ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানানো হয়, ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায় চিকিৎসকরা যখন অস্ত্রোপচারে ব্যস্ত, তখন সোনু নিগম কিংবদন্তি গায়ক মোহাম্মদ রফির কালজয়ী গান ‘সুহানি রাত ঢল চুকি’ গাইছেন। ১৯৪৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘দুলারী’ সিনেমার এই গানটি গাওয়ার সময় তাকে বেশ সাবলীল দেখাচ্ছিল।

নিজের এই ব্যতিক্রমী অভিজ্ঞতার কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সোনু নিগম লিখেছেন, “অস্ত্রোপচারের সময় প্রিয় চিকিৎসক ও তার আন্তরিক দলের জন্য এই ক্ষুদ্র নিবেদন। যন্ত্রণার ভেতরেও গান গেয়ে যাওয়ার নামই সংগীতের আনন্দ।” তবে ঠিক কী কারণে বা শরীরের কোন অংশে অস্ত্রোপচার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

অস্ত্রোপচারের মতো সংকটাপন্ন মুহূর্তেও গানের প্রতি তার এমন নিবেদন দেখে ভক্তরা মুগ্ধতা প্রকাশ করেছেন। অনেকে মন্তব্য করেছেন, সুরের মায়াজালে নিজের শারীরিক কষ্ট ভোলার চেষ্টা করছেন শিল্পী। সোশাল মিডিয়ায় তার দ্রুত আরোগ্য কামনা করে শত শত বার্তা জমা পড়ছে।

এর আগে গত জুন মাসে নিজের স্নায়ুজনিত সমস্যার কথা জানিয়েছিলেন এই গায়ক। সে সময় প্রকাশিত একটি ভিডিওতে তার কাঁধে ব্যান্ডেজ দেখা গিয়েছিল। সোনু জানিয়েছিলেন, স্নায়ুর জটিলতায় তিনি তীব্র যন্ত্রণায় ভুগছেন এবং সামান্য নড়াচড়া করাও তার জন্য কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। ধারণা করা হচ্ছে, সেই পুরনো সমস্যার সমাধান পেতেই এই অস্ত্রোপচারের শরণাপন্ন হয়েছেন তিনি।

বলিউডের অন্যতম সফল প্লে-ব্যাক গায়ক হিসেবে তিন দশকেরও বেশি সময় ধরে শ্রোতাদের হৃদয়ে স্থান করে নিয়েছেন সোনু নিগম। ব্যক্তিগত জীবনে নানা শারীরিক প্রতিকূলতার মুখোমুখি হলেও সংগীতের প্রতি তার অবিচল নিষ্ঠা বরাবরই প্রশংসিত হয়ে আসছে। অস্ত্রোপচার কক্ষের এই বিরল দৃশ্যটি তার সেই সংগীতপ্রেমেরই নতুন প্রমাণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।