এসএসসিতে দুই বিষয়ে ফেল, ভেড়ামারায় শিক্ষার্থীর আত্মহত্যা

কুষ্টিয়ার ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর তানিয়া খাতুন (১৬) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। সে উপজেলার বাহাদুরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল।

তানিয়া ভেড়ামারা উপজেলার কুচিয়ামোড়া গ্রামের (চেয়ারম্যান গেট সংলগ্ন) প্রবাসী আক্তারুল ইসলামের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষার ফলাফলে তানিয়া দুটি বিষয়ে অকৃতকার্য হয়। এরপর রোববার রাত ১২টার দিকে নিজ কক্ষে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করেন।

কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুস সালাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভেড়ামারা থানায় হস্তান্তর করেছে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) করা হয়েছে।’

বাহাদুরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, ‘তানিয়া এসএসসি পরীক্ষায় দুটি বিষয়ে অকৃতকার্য হয়েছিল। সে বিবাহিত ছিল। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে, সে বিষয়ে আমাদের কাছে সঠিক কোনো তথ্য নেই।’