ধর্ষণ মামলায় গ্রেপ্তার ভারতীয় ক্রিকেটার অভিষেক

বিয়ে প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক ও হয়রানির অভিযোগে আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের উইকেটকিপার-ব্যাটার অভিষেক পোরেলকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গের হুগলি জেলা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, এক মেডিকেল শিক্ষার্থীর দায়ের করা ধর্ষণ মামলায় জিজ্ঞাসাবাদের পর আজ আনুষ্ঠানিকভাবে তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে মামলাটি হুগলির চুঁচুড়া আদালতে আইনি প্রক্রিয়ারাধীন রয়েছে।

হুগলির মগরা থানায় দায়ের করা এজাহারে ওই নারী শিক্ষার্থী অভিযোগ করেছেন, বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছিলেন অভিষেক পোরেল। পাশাপাশি গোপন মুহূর্তের ছবি ও ভিডিও রেকর্ড করে তা দিয়ে ব্ল্যাকমেইল ও ভয় দেখানোর অভিযোগও আনা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে বেআইনিভাবে আটকে রাখা এবং শারীরিক নির্যাতনের অভিযোগও রয়েছে।

তদন্তে গতি আনতে ভুক্তভোগী শিক্ষার্থী সম্প্রতি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্টের নির্দেশের পরই পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্ত ক্রিকেটারকে হেফাজতে নেয়। আদালতের নির্দেশে পোরেলের মোবাইল ফোনসহ সমস্ত ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে। সেইসঙ্গে একটি পেনড্রাইভ ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

ঘরোয়া ক্রিকেটে বাংলার নিয়মিত মুখ অভিষেক পোরেল ২০২১-২২ মৌসুমে প্রথম শ্রেণির ক্রিকেটে আত্মপ্রকাশ করেন। পরবর্তীতে ভারত ‘এ’ দলেও সুযোগ পান এই তরুণ ক্রিকেটার। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে বেশ সফল সময় কাটানো অভিষেক প্রতিযোগিতায় এখন পর্যন্ত ৩৫টি ম্যাচ খেলে ৭৬৯ রান করেছেন।