বরিশালের উজিরপুরে ক্লাস চলাকালে শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খসে এক শিক্ষকের মাথায় পড়েছে। এতে সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম আহত হয়েছেন। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়লে হুড়োহুড়ি করে শ্রেণিকক্ষ থেকে বেরিয়ে যায় শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম।
এর আগে সোমবার উজিরপুর সরকারি ডব্লিউ বি ইউনিয়ন ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় তলার ষষ্ঠ শ্রেণির কক্ষে এ ঘটনা ঘটে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, সোমবার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছিলেন সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম। ক্লাস চলাকালে হঠাৎ বিকট শব্দে শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খসে তার মাথায় পড়ে। এতে তিনি আহত হন। পরে তাকে চিকিৎসা দেওয়া হয়।
পলেস্তারা খসে পড়ার ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা দ্রুত শ্রেণিকক্ষ থেকে বেরিয়ে যায়।
ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সাথী বলেন, স্যার ক্লাস নিচ্ছিলেন। হঠাৎ ওপর থেকে ছাদের পলেস্তারা খুলে স্যারের মাথায় পড়ে। আমরা সবাই ভয় পেয়ে যাই।
আরেক শিক্ষার্থী সীমা বলে, পলেস্তারা পড়ার সময় আমরা সবাই ক্লাসে ছিলাম। স্যার আহত হয়েছেন। আমাদেরও খুব ভয় লেগেছে। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায়, পুরোনো ভবনটির নিরাপত্তা নিয়ে তাদের মধ্যে আগে থেকেই উদ্বেগ রয়েছে। শ্রেণিকক্ষে ছাদের পলেস্তারা খসে শিক্ষকের আহত হওয়ার ঘটনায় সেই উদ্বেগ আরও বেড়েছে।
অভিভাবকেরা বলছেন, প্রতিদিন পুরোনো ভবনটিতে শিক্ষার্থীদের ক্লাস করতে হচ্ছে। ছাদের পলেস্তারা খসে পড়ার ঘটনা বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কার বিষয়টি সামনে এনেছে। ভবনের নিরাপত্তা দ্রæত যাচাই করে প্রয়োজনীয় সংস্কার বা বিকল্প ব্যবস্থা না করা হলে ভবিষ্যতে শিক্ষার্থীরা আরও বড় ঝুঁকিতে পড়তে পারে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম বলেন, বিদ্যালয়ের ভবনটি ১৯৬০ সালে নির্মাণ করা হয়েছিল। দীর্ঘদিনের পুরোনো ভবন হওয়ায় এর বিভিন্ন অংশের অবস্থা ভালো নয়। ক্লাস চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ে একজন শিক্ষক আহত হয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।