ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম, ভ্যাপসা গরমে বাড়তে পারে অস্বস্তি

রাজধানী ঢাকায় আজ বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। দিনের শুরুতে আকাশে মেঘের উপস্থিতি থাকলেও আবহাওয়া বেশির ভাগ সময় শুষ্ক থাকতে পারে। তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরমের অনুভূতি ও অস্বস্তি বাড়তে পারে।

বুধবার (১২ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র।

আবহাওয়া অধিদপ্তর বলছে, ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। এ সময় দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

পূর্বাভাস অনুযায়ী, আজ ভোরে রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। তখন বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। এর আগের দিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আজ সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে সূর্যাস্ত এবং আগামীকাল ভোর ৫টা ৩৩ মিনিটে সূর্যোদয় হবে।

এদিকে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আজ দুপুর ১টা পর্যন্ত কোনো সতর্কসংকেত জারি করেনি আবহাওয়া অধিদপ্তর। ফলে এ সময় নদীবন্দরগুলোকে কোনো সংকেত দেখাতে হবে না।

তবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, আজ সন্ধ্যার মধ্যে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের দু-এক জায়গাতেও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারা দেশে দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে।