১৪ শিক্ষকের ৫ শিক্ষার্থী, তবু দাখিল পাস করেনি কেউ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার উত্তর জামালপুর বালিকা দাখিল মাদ্রাসা থেকে এ বছর দাখিল পরীক্ষায় অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। মাত্র পাঁচজন পরীক্ষার্থীর বিপরীতে প্রতিষ্ঠানটিতে শিক্ষক রয়েছেন ১৪ জন। এরপরও ফলাফল হয়েছে শূন্য।

কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, উত্তর জামালপুর বালিকা দাখিল মাদ্রাসা থেকে এ বছর পাঁচজন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেয়। ফল প্রকাশের পর দেখা যায়, তাদের কেউই উত্তীর্ণ হতে পারেনি। অথচ প্রতিষ্ঠানটিতে ১৪ জন শিক্ষক কর্মরত রয়েছেন।

মাদ্রাসার সুপার কাজী মোহাম্মদ আবু হানিফ বলেন, এ বছর প্রতিষ্ঠানটি থেকে পাঁচজন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল। তাদের কেউ পাস করেনি। মাদ্রাসায় মোট ১৪ জন শিক্ষক রয়েছেন।

ফল বিপর্যয়ের কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘ভালো শিক্ষার্থীদের বিয়ে হয়ে যাওয়ায় এমন ফল হয়েছে।’

কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুর রহমান বলেন, ‘এ উপজেলায় একটি মাদ্রাসায় ফলাফল বিপর্যয় ঘটেছে। ইতোমধ্যে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে ডাকা হয়েছে।’

গাজীপুর জেলা শিক্ষা কর্মকর্তা আল মামুন তালুকদার বলেন, কালীগঞ্জের একটি মাদ্রাসার কোনো শিক্ষার্থীই দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। প্রতিষ্ঠানটিতে চাহিদা অনুযায়ী শিক্ষক রয়েছেন, শিক্ষকের কোনো ঘাটতি নেই। কী কারণে এমন ফল হয়েছে, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।