লোহিত সাগরে খাদ্যসামগ্রী বহনকারী একটি অসামরিক বাণিজ্যিক জাহাজে হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে পাকিস্তান। বুধবার (১২ আগস্ট) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার বাব-এল মান্দেব প্রণালিতে পরিচালিত ওই হামলায় ছয়জন নিহত ও ১০ জন আহত হন, যাদের মধ্যে তিনজন পাকিস্তানি নাগরিক নিহত এবং একজন আহত হয়েছেন।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এক বিবৃতিতে জানিয়েছেন, নির্দোষ মানুষের জীবন বিপন্নকারী এই ধরনের হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং তা নৌ চলাচলের স্বাধীনতার জন্য গুরুতর হুমকি। পাকিস্তান সরকার হামলার বিস্তারিত তথ্য ও সার্বিক পরিস্থিতি জানতে সৌদি কর্তৃপক্ষ এবং ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সাথে যোগাযোগ রক্ষা করছে।
নিহত পাকিস্তানি নাগরিকদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং চিকিৎসাধীন আহত নাগরিককে সব ধরনের প্রয়োজনীয় সহায়তা দিতে রিয়াদে অবস্থিত পাকিস্তানি দূতাবাসকে তাৎক্ষণিক নির্দেশ দেওয়া হয়েছে। পাকিস্তান পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে পররাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেছেন।
সূত্র: আনাদোলু এজেন্সি