ভারতে কৃষকদের কাছ থেকে গোমূত্র সংগ্রহ করছে সরকার

ভারতের উত্তরপ্রদেশে কৃষকদের কাছ থেকে গোমূত্র সংগ্রহের একটি পাইলট প্রকল্প শুরু করেছে যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন সরকার। রাজ্যের বুলন্দশহর জেলায় পরীক্ষামূলকভাবে চালু হওয়া এ উদ্যোগের লক্ষ্য কৃষকদের অতিরিক্ত আয় নিশ্চিত করা, গ্রামীণ নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা এবং দুধ দেওয়া বন্ধ করে দেওয়া গরুর রক্ষণাবেক্ষণে সহায়তা করা।

প্রকল্পের আওতায় সংগ্রহ করা গোমূত্র কৃষিকাজে কাঁচামাল হিসেবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। রাসায়নিক কৃষি উপকরণের বিকল্প হিসেবে ভবিষ্যতে এটি ব্যবহারের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। পাইলট প্রকল্প সফল হলে এ বিষয়ে আনুষ্ঠানিক নীতিমালা তৈরি করে পুরো উত্তরপ্রদেশে প্রকল্পটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

বুলন্দশহরের সায়ানা তহসিলের নারসাইনা গ্রামে ড. প্রবীনের নেতৃত্বাধীন একটি ফার্মার প্রডিউসার অর্গানাইজেশনের (এফপিও) মাধ্যমে প্রকল্পটি পরিচালিত হচ্ছে। জেলার ১৫টি গ্রামের মানুষ এতে অংশ নিচ্ছেন।

বর্তমানে প্রতিদিন প্রায় ৫০০ লিটার গোমূত্র সংগ্রহ করা হচ্ছে। ভবিষ্যতে গোমূত্র সংগ্রহের মূল্য লিটারপ্রতি ২০ রুপি করার পরিকল্পনা রয়েছে। সংগৃহীত গোমূত্র সংরক্ষণের জন্য বিভিন্ন গ্রামে ২০০ লিটার ধারণক্ষমতার ট্যাংক স্থাপন করা হয়েছে।

প্রকল্পে গ্রামীণ নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গোমূত্র সংগ্রহে সহযোগিতা করা নারীদের প্রতি লিটারে ২ রুপি করে কমিশন দেওয়া হচ্ছে। ফলে তাদের জন্য তৈরি হয়েছে অতিরিক্ত আয়ের নতুন সুযোগ। প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৩০০ নারীকে নিয়ে এ উদ্যোগের যাত্রা শুরু হয়েছে। তাদের সবাইকে প্রকল্পের অংশীদার বা শেয়ারহোল্ডার করা হয়েছে।

গোমূত্র সংগ্রহ প্রকল্প নিয়ে এসপির ‘কেলেঙ্কারি’র অভিযোগ

তবে সরকারের এই উদ্যোগ নিয়ে আপত্তি জানিয়েছে বিরোধী দল সমাজবাদী পার্টি (এসপি)। দলটি প্রকল্পটিকে ‘কেলেঙ্কারি’ আখ্যা দিয়ে অভিযোগ করেছে, নির্বাচনী তহবিল সংগ্রহের উদ্দেশ্যে বিজেপি এই প্রকল্প পরিচালনা করছে।

এসপি মুখপাত্র মোহাম্মদ আজম খান অভিযোগ করেন, উত্তরপ্রদেশে গোশালা ও সেখানে থাকা গরুগুলোই নিরাপদ নয়। তার দাবি, এই প্রকল্প রাজ্যের উন্নয়নে কোনো ভূমিকা রাখবে না।

বিজেপির পাল্টা জবাব

এসপির অভিযোগের জবাবে বিজেপি মুখপাত্র হিরো বাজপাই বলেন, বিরোধী দল প্রতিটি উন্নয়নমূলক প্রকল্পের মধ্যেই ত্রুটি খুঁজে বের করার চেষ্টা করে।

তিনি দাবি করেন, সমাজবাদী পার্টি যে সম্প্রদায়ের—বিশেষ করে যাদবদের—রাজনীতির কথা বলে, সরকারের এই উদ্যোগে সেই অংশেরই উপকার হওয়ার সম্ভাবনা থাকায় তারা এতে সন্তুষ্ট নয়।

সূত্র: এনডিটিভি