রাত ৮টায় বন্ধ হবে না যেসব প্রতিষ্ঠান

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। তবে খাবারের দোকান, হাসপাতাল, ওষুধের দোকানসহ জরুরি সেবার প্রতিষ্ঠানগুলো এ নির্দেশনার বাইরে থাকবে।

বুধবার (১২ আগস্ট) দোকানপাট ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধের নতুন সময়সীমা নির্ধারণ করে সংশ্লিষ্টদের এ নির্দেশনা দিয়েছে বিদ্যুৎ বিভাগ। সিদ্ধান্তটি কার্যকর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের সব সিটি করপোরেশনের মেয়র বা প্রশাসক, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে নির্দেশনা পাঠানো হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, বুধবার থেকে দেশের দোকান, শপিংমল ও মার্কেট সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। নির্ধারিত সময়ের পর এসব প্রতিষ্ঠান বন্ধ করতে হবে। একই সময়সীমা দেশের বিভিন্ন এলাকায় চলমান ও অনুষ্ঠেয় মেলা, বাণিজ্যমেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

সরকারের নতুন নির্দেশনায় জরুরি সেবার প্রতিষ্ঠানগুলোকে ছাড় দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে— খাবারের দোকান, হাসপাতাল, ওষুধের দোকান ও অন্যান্য জরুরি সেবার প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠান নির্ধারিত রাত ৮টার সময়সীমার আওতামুক্ত থাকবে।

বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে সব ধরনের আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া বিভিন্ন ধরনের আলোকসজ্জা বন্ধ রাখারও নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ।

সরকারের পক্ষ থেকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পাশাপাশি নির্ধারিত সময়সীমা মেনে চলার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে।