পিরোজপুরের কাউখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের উপজেলা আহ্বায়ক ও কাউখালী মহিলা কলেজের অধ্যক্ষ অলোক কর্মকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১২ আগস্ট) বিকেলে উপজেলার মদন মোহন জিউর আখড়াবাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট কাউখালী উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনের একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি ২০২৪ সালের অক্টোবর মাসে কাউখালী থানায় দায়ের করা হয়।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, অলোক কর্মকারকে বুধবার বিকেলে বিএনপি কার্যালয় ভাঙচুর মামলায় গ্রেপ্তার করা হয়েছে। পরে বৃহস্পতিবার সকালে তাকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।