আফগানিস্তানে চরম অপুষ্টির শিকার ৪০ লাখ শিশু

আফগানিস্তানের পাঁচ বছরের কম বয়সী প্রতি ১০ জন শিশুর মধ্যে ১ জন চরম অপুষ্টিতে ভুগছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) আল জাজিরার এক প্রতিবেদনে সেভ দ্য চিলড্রেনের নতুন গবেষণার বরাতে এ তথ্য জানা গেছে। 

জাতিসংঘের তথ্যানুযায়ী দেশটিতে শিশুদের তীব্র অপুষ্টির হার ক্রমেই বাড়ছে। গত চার বছরে পাঁচ বছরের কম বয়সী শিশুদের অপুষ্টির হার ১৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ২০২৬ সালে প্রায় ৩৭ লাখ বা প্রায় ৪০ লাখ শিশু এতে আক্রান্ত হয়েছে।

আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় আফগানিস্তানের প্রায় ৬০০টি জরুরি স্বাস্থ্যকেন্দ্র বন্ধ হয়ে গেছে। এতে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে অন্তত ৪০ লাখ মানুষ, যার অর্ধেকই শিশু। 

২০২২ সালে প্রদত্ত ৩ দশমিক ২৭ বিলিয়ন ডলারের মানবিক সাহায্য ২০২৫ সালে কমে ১ বিলিয়ন ডলারে দাঁড়ায় এবং ২০২৬ সালের অর্ধেকের বেশি সময় পার হলেও চাহিদার তুলনায় মাত্র ৪৩৮ মিলিয়ন ডলার সংগ্রহ সম্ভব হয়েছে, যা মোট তহবিলের চেয়ে ৭৪ শতাংশ কম।

সাহায্য কমে যাওয়ার পাশাপাশি পাকিস্তান ও ইরান থেকে ৬০ লাখেরও বেশি আফগান শরণার্থীকে ফেরত পাঠানোয় ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে আফগানিস্তানের জনসংখ্যা ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। 

প্রাকৃতিক দুর্যোগ, অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি এবং টানা চার বছরের খরাও সীমাবদ্ধ সহায়তার ওপর চাপ সৃষ্টি করেছে। সেভ দ্য চিলড্রেন আফগানিস্তানের কান্ট্রি ডিরেক্টর আশীষ দামলে জানান, আফগান শিশুদের সুরক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা সেনা প্রত্যাহারের পর থেকে বিশ্বমানের আন্তর্জাতিক সাহায্য অনেকাংশে হ্রাস পায়।

বর্তমানে সেভ দ্য চিলড্রেন মাত্র ১৪টি ক্লিনিক চালু রাখতে সক্ষম হয়েছে এবং উত্তরের পাহাড়ি অঞ্চলের ১০ হাজার মানুষকে একমাত্র সংস্থা হিসেবে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে।

সূত্র: আল জাজিরা