প্রীতি ম্যাচ মানেই উত্তেজনা একটু কম—এমনটাই ভাবা হয়। কিন্তু বুধবার (১২ আগস্ট) রাতে স্পেনের রোসালেদায় ফুলহাম আর মালাগার মধ্যকার কোস্টা দেল সল ট্রফির ম্যাচ সেই কথাটাকে মিথ্যা প্রামাণিত করেছে। প্রীতি ম্যাচেও যে নাটকের কমতি থাকে না সেটাই দেখা গেছে।
ম্যাচের নির্ধারিত সময় তখন প্রায় শেষ। ফুলহাম এগিয়ে ২-১ গোলে। ঠিক তখনই ছন্দপতন—কালভিন বাসেকে হ্যান্ডবলের অভিযোগে পেনাল্টি পায় মালাগা, স্পট থেকে গোল করে ২-২ করেন এনেকো হাউরেগি। খেলা শেষের বাঁশি বাজতেই রিয়াল মাদ্রিদের সাবেক ফুটবলার ও ফুলহাম কোচ আলভারো আরবেলোয়া রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে লাল কার্ড দেখেন। তারপর যা হলো, রীতিমতো প্রহসন।
আরবেলোয়া মাঠ ছেড়ে সোজা টানেলে ঢুকে পড়লেন। পিছু নিল তার দলও। ফুলহাম ধরেই নিয়েছিল, ম্যাচ শেষ। কিন্তু মালাগার খেলোয়াড়েরা তখনো মাঠে দাঁড়িয়ে, অপেক্ষায় টাইব্রেকারের। গ্যালারিভর্তি দর্শকও প্রস্তুত পেনাল্টি শুটআউট দেখতে। কিছুক্ষণ অপেক্ষা করে স্পটকিকে বল বসিয়ে দেন মালাগার হাউরেগি।
কোনো প্রতিপক্ষ, কোনো গোলরক্ষক ছাড়াই, একেবারে ফাঁকা জালে দ্বিতীয়বারের মতো বল জড়ান তিনি। তারপর সতীর্থদের নিয়ে উদ্যাপনও সারেন, যেন সত্যিকারের জয়ের গোল!
সমস্যা হলো, ফুলহাম তখন ড্রেসিংরুমের পথে। ক্লাবটির দাবি—‘ম্যাচের আগেই দুই দল সম্মত হয়েছিল, ড্র হলে টাইব্রেকার হবে না।’ এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া বিবৃতিতে এমনটাই জানিয়েছে প্রিমিয়ার লিগ ক্লাবটি।
কিন্তু মালাগার ভাষ্য সম্পূর্ণ উল্টো। ক্লাবের ওয়েবসাইটে লেখা হয়েছে, টাইব্রেকার নির্ধারিতই ছিল সূচিতে। কিন্তু ফুলহাম মাঠ ছেড়ে যাওয়ার সময় দাবি করে, চুক্তিতে নাকি শুটআউটের কথা উল্লেখ ছিল না।