রোমে ফ্লাইট বিপর্যয়ে বিমানের তদন্ত শুরু, সরানো হলো জনসংযোগ কর্মকর্তা বোসরাকে

সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জিএম) ও জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলামকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার এসংক্রান্ত অফিস আদেশ জারি করা হয় এবং তাকে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার (এমডি ও সিইও) দপ্তরে সংযুক্ত (ওএসডি) করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়ে করপোরেট প্ল্যানিং বিভাগের মহাব্যবস্থাপক মো. মহিউদ্দিন অতিরিক্ত দায়িত্ব হিসেবে জনসংযোগ কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পার্সোনেল শাখার ব্যবস্থাপক উম্মে কুলসুম স্বাক্ষরিত অফিস আদেশে পরিবর্তনের কথা জানানো হলেও মূলত গণমাধ্যমে তথ্য সরবরাহে গাফিলতি এবং সংকটকালীন তথ্য ব্যবস্থাপনায় ব্যর্থতার অভিযোগেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৬ আগস্ট কানাডার টরন্টো থেকে ২৫৯ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হওয়া বিমানটির (বিজি-৩০৬) একটি ফ্লাইট ইতালির রোমে জ্বালানি নেওয়ার সময় কারিগরি ত্রুটির মুখে পড়ে। প্রায় ৮ ঘণ্টা চেষ্টা করেও ত্রুটি সমাধান না হওয়ায় ফ্লাইটটি গ্রাউন্ডেড করা হয় এবং দীর্ঘ সময় যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। বাংলাদেশি পাসপোর্টধারীদের ইতালিতে প্রবেশের অনুমতি না থাকায় পরিস্থিতি সামাল দেওয়া এবং গণমাধ্যমে সঠিক তথ্য সরবরাহের ক্ষেত্রে জনসংযোগ বিভাগের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা তৈরি হয়।

 

শুধু রোমের ঘটনাই নয়, এর বাইরেও বিভিন্ন তদন্তের তথ্য গোপনের চেষ্টা এবং প্রভাবশালী মহলের সঙ্গে যোগাযোগের মাধ্যমে প্রতিষ্ঠানে একচ্ছত্র প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে বোসরা ইসলামের বিরুদ্ধে। সংশ্লিষ্টদের দাবি, ক্ষমতার পটপরিবর্তনের পরও বিভিন্ন পারিবারিক সংযোগ ও প্রভাব কাজে লাগিয়ে তিনি গুরুত্বপূর্ণ পদে বহাল ছিলেন। এমনকি তার নিয়োগ প্রক্রিয়া এবং নানা অনিয়ম নিয়েও বিভিন্ন সময় প্রশ্ন উঠেছে। তবে এসব অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।