বিতর্কিত কুরিল দ্বীপপুঞ্জে পুতিন, জাপান বললো ‘একেবারেই অগ্রহণযোগ্য’

বিতর্কিত কুরিল দ্বীপপুঞ্জ প্রথমবারের মতো সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এই সফরকে ‘একেবারেই অগ্রহণযোগ্য’ হিসেবে অভিহিত করে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে জাপান। দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেছেন, এই সফর জাপানি জনগণের অনুভূতিতে চরম আঘাত হেনেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে পুতিন কুরিল দ্বীপপুঞ্জের অন্যতম দ্বীপ ইতুরুপ (যা জাপানে এতোরোফু নামে পরিচিত) পরিদর্শন করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষভাগে সোভিয়েত ইউনিয়ন দ্বীপপুঞ্জটি দখল করে নেয় এবং তখন থেকেই রাশিয়া ও জাপান উভয় দেশই এর মালিকানা দাবি করে আসছে। অঞ্চলটি নিয়ে দীর্ঘদিনের এই ভূখণ্ডগত বিরোধের কারণে মস্কো ও টোকিও আজ পর্যন্ত কোনো শান্তি চুক্তি স্বাক্ষর করেনি। জাপান এই দ্বীপগুলোকে তাদের ‘উত্তরাঞ্চলীয় ভূখণ্ড’ বলে অভিহিত করে থাকে।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানান, পুতিনের এই সফর রাশিয়ার প্রতি জাপানিদের মনোভাবকে আরও নেতিবাচক করে তুলেছে। দ্বীপগুলো ঐতিহাসিকভাবে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী জাপানের অবিচ্ছেদ্য ভূখণ্ড উল্লেখ করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী তোশিমিতসু মোতেগিও এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এর আগেও বিভিন্ন রুশ কর্মকর্তা এই অঞ্চলে সফর করলে জাপান তার বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানিয়েছিল।

কুরিল দ্বীপপুঞ্জ রাশিয়ার জন্য অত্যন্ত কৌশলগত একটি এলাকা। গত এক দশকে মস্কো এই অঞ্চলে নিজেদের সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে জোরদার করেছে এবং ইতুরুপ দ্বীপটিকে প্রধান সামরিক বিমানঘাঁটি হিসেবে ব্যবহার করে আসছে। সম্প্রতি চীন ও রাশিয়ার যৌথ নৌবাহিনী এই অঞ্চলের প্রণালি দিয়ে টহল পরিচালনা করায় এবং রাশিয়া নিয়মিত সামরিক মহড়া চালিয়ে যাওয়ায় টোকিও বরাবরই এর নিন্দা জানিয়ে আসছে।