চতুর্থ শিল্পবিপ্লব : সম্ভাবনা, সংকট ও প্রস্তুতি

মানবসভ্যতার অগ্রযাত্রায় চতুর্থ শিল্পবিপ্লব (4th Industrial Revolution ev 4IR) সমগ্র বিশ্বের মানুষের জীবনযাত্রায় এক আমূল পরিবর্তন আনতে চলেছে। এই অভূতপূর্ব পরিবর্তন মানবজীবনকে যেমন সহজতর করছে, তেমনি এর গতিপ্রবাহকে করে তুলছে আগের চেয়ে বহুগুণ বেগবান। বর্তমান বিশ্বে এই বিপ্লব এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) নিয়ে গবেষণা ও উচ্চাকাঙ্ক্ষার পরিধি প্রতিনিয়ত বিস্তৃত হচ্ছে। এমন অনেক জটিল কাজ এখন কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সফলভাবে সম্পন্ন হচ্ছে, যা অতীতে মানুষের কল্পনারও অতীত ছিল।

ঐতিহাসিক প্রেক্ষাপট ও চতুর্থ শিল্পবিপ্লবের সূচনা: ইতিহাসের পাতা ওলটালে দেখা যায়, বিগত তিনটি শিল্পবিপ্লব মানব সমাজের গতিপ্রকৃতি সম্পূর্ণ পালটে দিয়েছিল। ১৭৬০ সালে প্রথম শিল্পবিপ্লবের মাধ্যমে যন্ত্রযুগের সূচনা হয়, যা ১৭৮৪ সালে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কারের মাধ্যমে ব্যাপক প্রসার লাভ করে। এরপর ১৮৭০ সালে বিদ্যুতের আবিষ্কার মানবজাতিকে উপহার দেয় এক আলোকিত পৃথিবী। পরবর্তীকালে ১৯৬৯ সালে ইন্টারনেটের আগমনের ফলে কায়িক শ্রমের স্থান দখল করে মস্তিষ্কজাত জ্ঞান এবং শিল্প উৎপাদনে বিপ্লব সাধিত হয়।

এই তিন ঐতিহাসিক বিপ্লবের ধারাকে অতিক্রম করে আজ আমরা প্রবেশ করেছি ডিজিটাল বিপ্লবের যুগে, যাকে আনুষ্ঠানিকভাবে চতুর্থ শিল্পবিপ্লব হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। ২০১১ সালে জার্মান সরকারের একটি হাই-টেক প্রকল্পের মাধ্যমে এই পরিভাষাটির উৎপত্তি ঘটে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রতিষ্ঠাতা ক্লাউস শ্যোয়ার (Klaus Schwab) ২০১৬ সালে তার সুবিখ্যাত The Fourth Industrial Revolution গ্রন্থে এই বিপ্লবকে ভৌত, ডিজিটাল ও জৈব প্রযুক্তির এক অভাবনীয় সমন্বয় হিসেবে চিহ্নিত করেন। এটি কেবল একটি সাধারণ প্রযুক্তিগত পরিবর্তনই নয়; বরং অর্থনীতি, শিক্ষা, চিকিৎসা, কৃষি, প্রশাসন এবং সামগ্রিক মানবজীবনকে বদলে দেওয়ার এক মহা অভিযান।

চতুর্থ শিল্পবিপ্লবের মূল চালিকাশক্তি ও প্রযুক্তিগুলো: চতুর্থ শিল্পবিপ্লব কোনো একক প্রযুক্তির ওপর নির্ভরশীল নয়; বরং এটি বহুপ্রযুক্তির সমন্বয়ে গঠিত একটি চলমান প্রক্রিয়া। এই বিপ্লবের মূল ভিত্তিগুলো নিম্নরূপ:
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI): তথ্য বিশ্লেষণ, মানুষের ভাষা বোঝা, ছবি শনাক্ত করা এবং দ্রুত ও নির্ভুল সিদ্ধান্ত গ্রহণে এটি অপরিহার্য ভূমিকা পালন করে।
মেশিন লার্নিং: আগের অভিজ্ঞতা থেকে সফটওয়‍্যারের নিজে নিজে শেখার ও দক্ষতা অর্জনের অসাধারণ সক্ষমতা।
রোবটিক্স: মানুষের শারীরিক পরিশ্রমের বিকল্প হিসেবে স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে ঝুঁকিপূর্ণ ও জটিল কাজ সম্পন্ন করা।
ইন্টারনেট অব থিংস (IoT): বিভিন্ন ধরনের যন্ত্রকে ইন্টারনেটের মাধ্যমে একটি অভিন্ন নেটওয়ার্কে পরস্পরের সঙ্গে সংযুক্ত করা।
বিগ ডেটা ও ক্লাউড কম্পিউটিং: বিপুল পরিমাণ তথ্য বা ডেটা বিশ্লেষণ এবং দূরবর্তী সার্ভারে তা নিরাপদে সংরক্ষণ ও ব্যবহার করা।

ব্লকচেইন ও থ্রিডি প্রিন্টিং: সম্পূর্ণ নিরাপদ ডিজিটাল লেনদেন নিশ্চিতকরণ এবং ডিজিটাল নকশা থেকে সরাসরি ত্রিমাত্রিক বস্তু তৈরি করা।
জিন প্রযুক্তি কোয়ান্টাম কম্পিউটিং: চিকিৎসাবিজ্ঞান ও কৃষিতে বিপ্লব ঘটানোর পাশাপাশি ভবিষ্যতের অতিদ্রুত কম্পিউটিং প্রযুক্তি গড়ে তোলা।
সমাজের বিভিন্ন খাতে চতুর্থ শিল্পবিপ্লবের সুদূরপ্রসারী প্রভাব
১. শিক্ষাব্যবস্থা: ডিজিটাল বিপ্লবের ফলে শিক্ষাব্যবস্থায় এসেছে যুগান্তকারী পরিবর্তন। অনলাইন কোর্স, ভার্চুয়াল ল্যাবরেটরি এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শিক্ষাসহায়ক পদ্ধতি শিক্ষার্থীর শেখার ধরন বদলে দিয়েছে। ভবিষ্যতের শিক্ষা কেবল গতানুগতিক মুখস্থবিদ্যার ওপর নির্ভর করবে না; বরং সমালোচনামূলক চিন্তা (Critical Thinking), সমস্যা সমাধানের দক্ষতা (Problem Solving), সৃজনশীলতা, দলগত কাজ এবং ডিজিটাল সাক্ষরতার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। শিক্ষকদের ভূমিকাও পরিবর্তিত হচ্ছে; তারা কেবল তথ্য প্রদানকারী নন, বরং শিক্ষার্থীর পথপ্রদর্শক ও মেন্টরে পরিণত হচ্ছেন।
২. চিকিৎসাবিজ্ঞান: চিকিৎসাক্ষেত্রে চতুর্থ শিল্পবিপ্লব এক অভাবনীয় সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা এখন এক্সরে, সিটি স্ক্যান ও এমআরআই স্ক্যানের ছবি বিশ্লেষণ করে চিকিৎসকদের দ্রুত ও নির্ভুল রোগ নির্ণয়ে সহায়তা করছে। টেলিমেডিসিনের কল্যাণে দূরদূরান্তের প্রান্তিক রোগীরাও বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা সহজে পাচ্ছেন। এ ছাড়া স্মার্ট ঘড়ি ও আধুনিক স্বাস্থ্য পর্যবেক্ষণ যন্ত্র মানুষের রক্তচাপ, হৃৎস্পন্দন এবং ঘুমের মান নিয়মিত পর্যবেক্ষণ করছে। জিন প্রযুক্তির কল্যাণে এখন রোগীর শারীরিক গঠন ও প্রকৃতি অনুযায়ী সুনির্দিষ্ট চিকিৎসা বা পারসোনালাইজড মেডিসিনের সম্ভাবনাও বহুগুণ বেড়ে গেছে।

৩. কৃষি ও শিল্প খাত: কৃষি খাতে ড্রোনের মাধ্যমে ফসল পর্যবেক্ষণ, সেন্সরের সাহায্যে মাটির আর্দ্রতা মাপা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে রোগ শনাক্তকরণ কৃষিকে করে তুলেছে আরো বেশি বৈজ্ঞানিক ও লাভজনক। অন্যদিকে, আধুনিক শিল্পকারখানায় রোবট মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। সেন্সর ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে যন্ত্রপাতির ত্রুটি আগেই শনাক্ত করা সম্ভব হচ্ছে, ফলে বড় ধরনের দুর্ঘটনা ও আর্থিক ক্ষতি এড়ানো যাচ্ছে। এই ধারণাকেই বলা হয় 'স্মার্ট ফ্যাক্টরি'।
৪. ব্যাংকিং, প্রশাসন ও অর্থনীতি: মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, ডিজিটাল ওয়ালেট ও তাৎক্ষণিক অর্থ স্থানান্তরের মাধ্যমে আর্থিক সেবা এখন সাধারণ মানুষের হাতের মুঠোয়। সরকারি প্রশাসনে ই-গভর্ন্যান্সের ব্যবহার দুর্নীতি কমিয়ে সেবার গতি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ভিডিও কনফারেন্সিং, রিমোট ওয়ার্ক এবং ই-কমার্স বিশ্ব অর্থনীতিকে সম্পূর্ণ নতুন রূপ দিয়েছে। বাংলাদেশের উদীয়মান যুবসমাজও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফরম ব্যবহার করে আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান তৈরি করে নিচ্ছে।

সংকট ও চ্যালেঞ্জসমূহ: প্রযুক্তির এই বিস্ময়কর অগ্রযাত্রা নতুন দিগন্ত উন্মোচন করলেও এর কিছু নেতিবাচক দিক ও ঝুঁকিও রয়েছে। চতুর্থ শিল্পবিপ্লবকে ঘিরে সবচেয়ে বড় উদ্বেগ তৈরি হয়েছে কর্মসংস্থানের ভবিষ্যৎ নিয়ে। কলকারখানায় রোবটের ব্যবহার এবং অফিসে কৃত্রিম বুদ্ধিমত্তার আধিক্যের ফলে অনেকেই আশঙ্কা করছেন যে, মানুষের কর্মক্ষেত্র সংকুচিত হয়ে যাবে।

পাশাপাশি, দ্রুত ইন্টারনেট ও প্রযুক্তির সুযোগের অভাবে সমাজের একটি বড় অংশ পিছিয়ে পড়ছে, যাকে ডিজিটাল ডিভাইড বা প্রযুক্তিগত বৈষম্য বলা হয়। উন্নত অবকাঠামো ও প্রশিক্ষণের অভাবে শহর ও গ্রামের মধ্যকার এই ব্যবধান একটি বড় চ্যালেঞ্জ। এছাড়া সাইবার নিরাপত্তা বিঘ্নিত হওয়া, ডিপফেক প্রযুক্তির অপব্যবহার এবং বিভিন্ন নৈতিক সংকটের আশঙ্কা সমাজকে নতুন এক ভাবনায় ফেলেছে।

বাংলাদেশের প্রস্তুতি ও করণীয়
জাতিসংঘ এবং বিশ্বখ্যাত বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী-বর্তমান বিশ্বে বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীর হার অত্যন্ত আশাব্যঞ্জক। দেশের এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনমিতিক সুবিধার সদ্ব্যবহার করতে হলে তরুণ প্রজম্মকে আধুনিক বিজ্ঞানমনস্ক ও প্রযুক্তিগতভাবে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে হবে।

শিক্ষার মানোন্নয়ন: বিশ্ববিদ্যালয়গুলোতে টিচিং অ্যান্ড লার্নিং সেন্টার প্রতিষ্ঠা করা এবং উচ্চশিক্ষায় গবেষণাভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলা জরুরি। শিক্ষার্থীদের বাস্তবমুখী শিক্ষায় শিক্ষিত করতে শিক্ষানবিশি বা ইন্টার্নশিপ বাধ্যতামূলক করা উচিত।

গবেষণায় বরাদ্দ বৃদ্ধি: বিজ্ঞানভিত্তিক গবেষণার বাজেট বাড়াতে হবে এবং বিদেশে অবস্থানরত মেধাবী বাংলাদেশি গবেষকদের পর্যাপ্ত সুযোগ-সুবিধা দিয়ে দেশে ফিরিয়ে এনে কাজে লাগাতে হবে।

ডিজিটাল অবকাঠামো: সাবমেরিন ক্যাবলের সক্ষমতা বহুগুণ বৃদ্ধি এবং দেশের হাইটেক পার্কগুলোকে ফলপ্রসূ করে তুলতে হবে।

পরিশেষে বলা উচিত, চতুর্থ শিল্পবিপ্লব কোনো সুদূর ভবিষ্যতের কাল্পনিক বিষয় নয়; এটি ইতিমধ্যেই আমাদের সমাজ, রাষ্ট্র, অর্থনীতি এবং দৈনন্দিন জীবনের প্রতিটি স্তরে গভীরভাবে প্রবেশ করেছে। যে দেশ গবেষণায় বিনিয়োগ করবে এবং দক্ষ মানবসম্পদ সৃষ্টি করবে, ভবিষ্যৎ মূলত তাদেরই অনুকূলে থাকবে। চতুর্থ শিল্পবিপ্লবের মূল শক্তি কেবল প্রযুক্তিতে নয়, বরং মানুষের অদম্য সৃজনশীলতা এবং নৈতিক চেতনায় নিহিত রয়েছে। সঠিক পরিকল্পনা, দূরদর্শী নেতৃত্ব এবং প্রযুক্তিবান্ধব ইতিবাচক নীতির মাধ্যমে এই বিরাট চ্যালেঞ্জকে সফলভাবে সুযোগে রূপান্তর করে বাংলাদেশকে আগামী দিনের একটি উন্নত ও আত্মনির্ভরশীল জাতি হিসেবে গড়ে তুলতে হবে।

লেখক: ফিকামলি তত্ত্বের জনক, বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক।