চাঁদপুরে মাদকের টাকা না পেয়ে বাবাকে হত্যা, ছেলের যাবজ্জীবন

চাঁদপুরে মাদক কেনার জন্য টাকা না দেওয়ায় দা দিয়ে বাবা মো. মুছাব্বর গাজীকে (৬০) কুপিয়ে হত্যার দায়ে ছেলে মো. হোসেন গাজীকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত হোসেন গাজী চাঁদপুর সদর উপজেলার উত্তর ইচুলী গাজীবাড়ির মৃত মুছাব্বর গাজীর ছেলে।

মামলার বিবরণ থেকে জানা যায়, হোসেন গাজী মাদকাসক্ত ছিলেন। মাদকের টাকা নিয়ে তিনি প্রায়ই বাবার সঙ্গে ঝগড়া-বিবাদে জড়িয়ে মারধর করতেন। মাদকাসক্তি থেকে বিরত রাখতে তাকে ঢাকার একটি মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসাও করানো হয়। তবে তাতে কোনো সুফল হয়নি।

২০১৮ সালের ১৬ নভেম্বর সকাল সাড়ে ৮টার দিকে হোসেন গাজী ঘরে শুয়ে থাকা বাবাকে ধারালো দা দিয়ে মাথায় দুটি কোপ দেন। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। পরে শয্যা থেকে উঠে আসার চেষ্টা করলে হোসেন আবারও তাকে কোপ দেন। এ সময় হাত দিয়ে প্রতিরোধ করতে গেলে তাঁর একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়।

পরিবারের সদস্যরা দ্রুত মুছাব্বর গাজীকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে শহরের ওয়্যারলেস বাজার এলাকায় তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় ওই দিন চাঁদপুর সদর মডেল থানায় নিহতের বড় ছেলে মো. আলম গাজী (৪২) বাদী হয়ে ছোট ভাই হোসেন গাজীকে আসামি করে হত্যা মামলা করেন। পরে পুলিশ হোসেন গাজীকে গ্রেপ্তার করে ১৭ নভেম্বর আদালতে সোপর্দ করে।