জর্ডানের রাজধানী আম্মানে ভিক্ষা করার সময় এক নারীকে আটক করে তল্লাশি চালিয়ে প্রায় ৪৬ হাজার ৬০০ মার্কিন ডলার নগদ অর্থ উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ।
বুধবার (১৩ আগস্ট) জর্ডানের সমাজ উন্নয়ন মন্ত্রণালয় এ তথ্য জানায়।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা পেত্রার প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীর একটি বাণিজ্যিক এলাকায় ভিক্ষা করার সময় ওই নারীকে আটক করা হয়। সমাজ উন্নয়ন মন্ত্রণালয়ের ভিক্ষাবিরোধী দল ও জননিরাপত্তা অধিদপ্তরের সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
কর্তৃপক্ষের ভাষ্য, ওই নারী দীর্ঘদিন ধরে নিয়মিত ভিক্ষা করতেন। প্রতিদিন ভিক্ষা করে পাওয়া অর্থ জমিয়ে রাখার পাশাপাশি বিভিন্ন বিদেশি মুদ্রায় তা রূপান্তর করতেন। এভাবেই তার কাছে বিপুল পরিমাণ অর্থ জমা হয়।
তবে তিনি কতদিন ধরে ভিক্ষা করছিলেন, সে বিষয়ে বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ। তার জাতীয়তা সম্পর্কেও কোনো তথ্য প্রকাশ করা হয়নি। আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ওই নারীকে সংশ্লিষ্ট বিচারিক কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
এ ঘটনার পর জর্ডানের সমাজ উন্নয়ন মন্ত্রণালয় নাগরিকদের রাস্তায় ভিক্ষা করা ব্যক্তিদের সরাসরি অর্থ না দেওয়ার আহ্বান জানিয়েছে। অসহায় মানুষকে সহায়তা করতে চাইলে অনুমোদিত দাতব্য সংস্থার মাধ্যমে অর্থ দেওয়ার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।
পাশাপাশি সন্দেহজনক ভিক্ষাবৃত্তির ঘটনা কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে। দেশজুড়ে ভিক্ষাবৃত্তি বন্ধে ভিক্ষাবিরোধী দলগুলো নিয়মিত অভিযান চালাচ্ছে বলেও জানিয়েছে জর্ডানের সমাজ উন্নয়ন মন্ত্রণালয়।