চাঁপাইনবাবগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে বিনোদপুর খাসেরহাট বাজারে এ সংঘর্ষ হয়। এ সময় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার কালীগঞ্জ বাজারে ইসমাইল মেমোরিয়াল উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল খেলা চলাকালে দুই খেলোয়াড়ের মধ্যে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। পরে ওই ঘটনার জেরে বৃহস্পতিবার সকালে এরাদতটোলা বাজারে এক যুবককে মারধর করা হয়।

এরই জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদশিকারি গ্রামের সঙ্গে এরাদতটোলা ও পাকাটোলা গ্রামের লোকজনের সংঘর্ষ বাধে। পরে রাতেও বিনোদপুর খাসেরহাট বাজারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

সংঘর্ষে বিনোদপুর ইউনিয়নের কামাত গ্রামের কামাল আলীর ছেলে ভ্যানচালক মো. কাওসার (১৭) এবং একই ইউনিয়নের চাঁদশিকারি গ্রামের জালাল উদ্দিনের ছেলে মো. নাঈম (১৯) আহত হন। তারা বর্তমানে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, ‘ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণও হয়েছে। কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি এবং কাউকে আটক করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’