ফেনীর ছাগলনাইয়া পৌরসভার পশ্চিম ছাগলনাইয়া এলাকায় সংস্কারকাজ শেষ হওয়ার এক মাসের মধ্যেই খালে ধসে পড়েছে বীর মুক্তিযোদ্ধা আজাদ সড়কের একাংশ ও গার্ডওয়াল। পৌরসভার উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ৮০ লাখ টাকা ব্যয়ে সোয়া কিলোমিটার সড়ক ও গার্ডওয়ালের সংস্কারকাজ শেষ হওয়ার পরপরই এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দুই পাশে শত শত একর ধানের জমির মাঝ দিয়ে যাওয়া সোয়া কিলোমিটার দীর্ঘ বীর মুক্তিযোদ্ধা আজাদ সড়কটির সংস্কারকাজ শেষ হয়েছে প্রায় এক মাস আগে। তাঁদের দাবি, ঠিকাদার ও পৌরসভার প্রকৌশলীর যোগসাজশে নিম্নমানের কাজ ও নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে অল্প সময়ের মধ্যেই গার্ডওয়াল দুর্বল হয়ে পড়ে। এরই মধ্যে রাস্তাসহ গার্ডওয়ালের একটি অংশ খালে ধসে পড়েছে। গার্ডওয়ালের বিভিন্ন স্থানেও ফাটল দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, রাস্তাটি ধসে পড়ায় যানবাহন চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে। দ্রুত টেকসইভাবে রাস্তা ও গার্ডওয়াল পুনর্নির্মাণ না করা হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে আগামী বোরো মৌসুমে কৃষিপণ্য পরিবহনেও সমস্যার আশঙ্কা করছেন তাঁরা।
স্থানীয় কৃষক মাহবুব হোসেন বলেন, ‘সংস্কারের আগে রাস্তাটি প্রায় ৯ ফুট প্রশস্ত ছিল। সংস্কারের পর তা কমিয়ে সাত ফুট করা হয়েছে। রাস্তার পশ্চিম পাশে আরও প্রায় ৫০০ ফুট কাঁচা রাস্তা রয়েছে। ফলে নারী-পুরুষের চলাচলে দুর্ভোগ হচ্ছে। সঠিক তদারকির অভাবে ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে এক মাসের মধ্যেই গার্ডওয়াল দুর্বল হয়ে রাস্তাসহ ধসে পড়েছে।’
তিনি আরও বলেন, ‘এই রাস্তার দুই পাশে পাঁচ শতাধিক একর ধানের জমি রয়েছে। রাস্তায় একটি গাড়ি চলাচল করলে পথচারীদের চলাচলের জায়গা থাকে না। আগামী মৌসুমে ধান কাটার আগেই টেকসই রাস্তা ও গার্ডওয়াল নির্মাণের জন্য স্থানীয় সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করছি।’
ঠিকাদার মো. মোস্তফা বলেন, ‘পৌরসভার প্রকৌশলীর পরামর্শ অনুযায়ী রাস্তা ও গার্ডওয়ালের কাজ করা হয়েছে। ধসে পড়া গার্ডওয়ালটি পুনরায় নির্মাণ করা হবে।’
ছাগলনাইয়া পৌরসভার সহকারী প্রকৌশলী মো. মাসুদ আলম বলেন, পশ্চিম ছাগলনাইয়া এলাকায় গার্ডওয়াল ধসে পড়ার বিষয়টি তারা অবগত হয়েছেন। রাস্তার পাশের খালের গভীরতা বেশি হওয়ায় এবং মাটির পর্যাপ্ত সাপোর্ট না থাকায় গার্ডওয়ালটি হেলে পড়ে ধসে গেছে। পুনরায় টেকসইভাবে নির্মাণের জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে জানানো হয়েছে। কয়েক দিনের মধ্যে পুনর্নির্মাণকাজ শুরু হবে বলে আশা করছেন তিনি।