ইতালিতে হত্যাকাণ্ডের শিকার স্ত্রী-কন্যাসহ বাবুলের মরদেহ দেশে ফিরেছে

ইতালির রাজধানী রোমে নৃশংস হত্যাকাণ্ডের শিকার একই পরিবারের তিন বাংলাদেশির মরদেহ অবশেষে আজ দেশে পৌঁছেছে। স্বজনদের আহাজারি আর শোকাচ্ছন্ন পরিবেশে মরদেহগুলো নিজ গ্রামে নেওয়ার প্রক্রিয়া চলছে। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, শুক্রবার (১৪ আগস্ট) রাতে গ্রামের বাড়ি নোয়াখালীতে জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন করা হবে।

নিহতরা হলেন-নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কামাল উদ্দিন বাবুল (৩৯), তার স্ত্রী (৩৮) এবং তাদের পাঁচ বছর বয়সী শিশু কন্যা আরোয়া ইসলাম আরিশা।

হত্যাকাণ্ডে গুরুতর আহত হয়ে ইতালিতে চিকিৎসাধীন থাকা পরিবারের একমাত্র ছেলে অয়নও আজ বিকেলে গ্রামে পৌঁছাবেন। তিনি মা, বাবা ও ছোট বোনের জানাজা ও দাফনে অংশ নেবেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৬ জুন রাতে ইতালির রোমের পার্শ্ববর্তী ক্যাসালোত্তি এলাকার ভিয়া মন্তিলিওর একটি অ্যাপার্টমেন্টে প্রবেশ করে দুর্বৃত্তরা ছুরিকাঘাতে কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী ও শিশুকন্যাকে নির্মমভাবে হত্যা করে। খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে এবং গুরুতর আহত অবস্থায় অয়নকে উদ্ধার করে স্থানীয় জেমেলি পলিক্লিনিক হাসপাতালে ভর্তি করায়।

এর আগে, গত ১১ আগস্ট স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ইতালিতে আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা শেষে রোমের ক্যাসালোত্তি এলাকার পিয়াজ্জা ওর্মেয়ায় নিহতদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর স্বজন ও প্রবাসীদের উপস্থিতিতে মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়।

নিহত বাবুলের চাচাতো ভাই অ্যাডভোকেট ইউনুস বলেন, ‘ইতালিতে থাকা স্বজনদের মাধ্যমে আমরা ঘটনার খবর জানতে পারি। বাবুল ভাই দেশে এলে সবার সঙ্গে আন্তরিকভাবে মিশতেন এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিতেন। এমন নির্মম ঘটনায় আমরা বাকরুদ্ধ। অভিযুক্ত শাহাদাতকে এখনো আইনের আওতায় আনা না যাওয়ায় আমরা বিস্ময় প্রকাশ করছি।’

ছেলের স্মৃতিচারণ করতে গিয়ে নিহত বাবুলের বাবা সিরাজুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ছেলে কিছুদিন আগেই দেশে ছুটিতে এসে পারিবারিক কবরস্থানে মাটি ফেলেছিল। আজ সেখানেই তাকে স্ত্রী ও সন্তানসহ দাফন করতে হচ্ছে। আমার বুকটা ফেটে যাচ্ছে, আমি এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চাই।’

এদিকে হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে ইতালিয়ান পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। ঘটনার প্রকৃত কারণ জানতে বিভিন্ন আলামত সংগ্রহসহ সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।