ডারউইন টেস্টে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনও নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার পেসারদের হতাশ করে দলকে ভালো অবস্থানে নিয়েছেন টাইগার ব্যাটাররা। দ্বিতীয় দিনের খেলা শেষে ৬ উইকেটে ৩৫১ রান সংগ্রহ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এতে প্রথম ইনিংসে সফরকারীদের লিড দাঁড়িয়েছে ১৫৩ রানে।
চালকের আসনে থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। তৃতীয় দিনে লিড আরও বড় করার লক্ষ্য থাকবে টাইগার ব্যাটারদের। তবে ব্যাক-ফুটে থাকলেও জয়ের আশা ছাড়াছে না অস্ট্রেলিয়া।
দ্বিতীয় দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে এসেছিলেন অলরাউন্ডার বিউ ওয়েবস্টার। তিনি বলেন, ‘অবশ্যই (ম্যাচে ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে)। আমাদের ড্রেসিং রুমে যে মানের খেলোয়াড় আছে তারা সবাই এখনো ম্যাচ জেতার পথই খুঁজছে।’
ওয়েবস্টার আরও বলেন, ‘আমাদের কিছু আক্রমণাত্মক ব্যাটার আছে, যারা স্কোরবোর্ড সচল রাখতে পারেন। আশা করি উইকেটটা ভালো থাকবে এবং আমরা তাদের বোলারদের ওপর চাপ ফিরিয়ে দিতে পারবো।’
ম্যাচে এখনও তিন দিন বাকি থাকায় ঘুরে দাঁড়ানোর সুযোগ দেখছেন ওয়েবস্টার। তিনি বলেন, ‘এখানে এখনও তিন দিনের খেলা বাকি এবং দেড় দিনের মতো ভালো ব্যাটিং এবং মোটামুটি ভালো গতিতে করতে পারি, তাহলে আমরা আবার এই প্রতিযোগিতায় ফিরে আসতে পারবো। টেস্ট ম্যাচে ক্ষয় হওয়া উইকেটে শেষে ব্যাট করা কঠিন হতে পারে, যদি লক্ষ্যটা ছোট হয়। তাই ম্যাচ জেতার জন্য এটাই আমাদের স্পষ্ট পথ।’
বাংলাদেশের ব্যাটারদের প্রশংসা করে তিনি বলেন, ‘তারা আজ সকালে দারুণ ব্যাটিং করেছে, যখন উইকেটে সম্ভবত কিছুটা সহায়তা ছিল, এরপর দুপুরেও সেটি ধরে রেখেছে। তারা স্পিন ভালো খেলেছে, কখনো আক্রমণ করেছে, আবার কখনো চাপ সামলেছে।’