আগামী মৌসুম থেকে ফুটবলে কার্যকর হচ্ছে একাধিক নতুন নিয়ম। ম্যাচে অহেতুক সময়ক্ষেপণ বন্ধ করে খেলার গতি বাড়াতেই এসব নিয়ম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সদ্য শেষ হওয়া বিশ্বকাপে পরীক্ষামূলক প্রয়োগের পর এবার ইংলিশ প্রিমিয়ার লিগসহ বিভিন্ন লিগে নিয়মগুলো কার্যকর করা হচ্ছে।
গোল-কিক ও থ্রো-ইনে কাউন্টডাউন
থ্রো-ইন বা গোল-কিকের সময় খেলোয়াড়েরা অহেতুক দেরি করলে রেফারির ৫ সেকেন্ডের কাউন্টডাউন শুরু হবে। আর নির্দিষ্ট সময়ের মধ্যে থ্রো-ইন না করলে তা প্রতিপক্ষকে দিয়ে দেওয়া হবে। একইভাবে গোল-কিকে বেশি দেরি করলে প্রতিপক্ষ দল পাবে কর্নার কিক।
১০ সেকেন্ডের ভেতর খেলোয়াড় বদল
বদলি খেলোয়াড় মাঠে নামানোর প্রক্রিয়ায়ও আসছে নতুন নিয়ম। মাঠ থেকে উঠে যাওয়া খেলোয়াড়কে নিকটতম সীমানারেখা দিয়ে ১০ সেকেন্ডের মধ্যে বেরিয়ে যেতে হবে। নির্ধারিত সময় পেরিয়ে গেলে নতুন খেলোয়াড়কে অন্তত এক মিনিট সাইডলাইনে অপেক্ষা করতে হবে। ফলে এক মিনিট পর্যন্ত দলটি ১০ জন খেলোয়াড় নিয়ে খেলবে।
আহত খেলোয়াড়দের জন্য ১ মিনিটের বিরতি
কোনো খেলোয়াড় চোটের কারণে খেলা থামাল তাকে চিকিৎসার জন্য বা মাঠের বাইরে অন্তত ১ মিনিট থাকতে হবে। এর উদ্দেশ্য হলো কোনো কৌশলগত কারণ বা গতি ভাঙতে ভূয়া চোটের অভিনয় বন্ধ করা। তবে ফাউলকারী খেলোয়াড় কার্ড পেলে এই নিয়ম প্রযোজ্য হবে না।
গোলরক্ষকদের ট্যাকটিক্যাল টাইমআউট বন্ধ
গোলরক্ষক মাঠে শুয়ে পড়ে প্রাথমিক চিকিৎসার প্রয়োজনের কথা জানালে দলের একজন আউটফিল্ড খেলোয়াড়কে কোচের নির্দেশে এক মিনিটের জন্য মাঠের বাইরে থাকতে হবে। নতুন এই নিয়মের ফলে চোটের অজুহাতে গোলরক্ষকের চিকিৎসার বিরতি নিয়ে কোচের কাছ থেকে পরামর্শ নেওয়ার প্রবণতা কমবে বলে মনে করা হচ্ছে।
পেনাল্টি এরিয়ায় হ্যান্ডবল নিয়ে স্পষ্ট নিয়ম
ডি-বক্সের ভেতর থেকে গোলরক্ষক বা ডিফেন্ডার কিক করার পরপরই বলকে ইন-প্লে বা সচল ধরা হবে। এরপর ওই অবস্থায় কোনো ডিফেন্ডারের হাতে বল লাগলে সরাসরি পেনাল্টি এবং গোলরক্ষক ব্যাকপাসে হাত দিলে ইনডাইরেক্ট ফ্রি-কিক প্রদান করা হবে।
ভিএআরের নতুন পরিধি
নতুন নিয়মে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে লাল কার্ড দেওয়ার সিদ্ধান্তও ভিএআরের মাধ্যমে পর্যালোচনা করা যাবে। পাশাপাশি সেট-পিস শুরুর ঠিক আগে সংঘটিত ফাউলের পর গোল হলে সেই ঘটনাও ভিএআর যাচাই করতে পারবে।
এই সমস্ত পরিবর্তনের পেছনে মূল লক্ষ্য শাস্তি দেওয়া নয়, বরং খেলোয়াড়দের মানসিকতায় পরিবর্তন আনা যাতে ম্যাচের অপচয় হওয়া সময় কমে এবং সমর্থকেরা মাঠে বেশি সময় ফুটবল উপভোগ করতে পারেন।