দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের আকাশসীমায় একটি মার্কিন তৈরি এমকিউ-৯ রিপার ড্রোন শনাক্ত করে ভূপাতিত করার দাবি করেছে ইরান। শুক্রবার (১৪ আগস্ট) দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে বলা হয়, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নতুন ও অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি শনাক্ত ও ধ্বংস করা হয়।
এমকিউ-৯ রিপার যুক্তরাষ্ট্রের তৈরি একটি অত্যাধুনিক সশস্ত্র ড্রোন। জেনারেল অ্যাটমিকস অ্যারোনটিক্যাল সিস্টেমস নির্মিত এই ড্রোন মূলত দীর্ঘ সময় ধরে নজরদারি এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কাজে ব্যবহৃত হয়। এটি প্রায় ২৭ ঘণ্টা বা তারও বেশি সময় আকাশে অবস্থান করতে পারে এবং সর্বোচ্চ প্রায় ৫০ হাজার ফুট উচ্চতায় উড়তে সক্ষম। ড্রোনটিতে হেলফায়ার ক্ষেপণাস্ত্র ও লেজার-নির্দেশিত বোমা বহনের সক্ষমতা রয়েছে।
সরঞ্জাম ও সংস্করণভেদে একটি এমকিউ-৯ রিপারের মূল্য প্রায় ৩ কোটি থেকে ৫ কোটি মার্কিন ডলার হতে পারে।
এদিকে দ্য ওয়াশিংটন পোস্ট তিন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত অন্তত ৪৫টি এমকিউ-৯ রিপার ড্রোন হারিয়েছে। সংবাদমাধ্যমটির দাবি, এ সংখ্যা মার্কিন বহরে থাকা একই ধরনের ড্রোনের প্রায় এক-চতুর্থাংশ।
প্রতিবেদন অনুযায়ী, হারানো ড্রোনগুলোর মোট সম্ভাব্য মূল্য ১৩০ কোটি ডলারের বেশি। হরমুজ প্রণালির আশপাশে নজরদারি ও লক্ষ্যভিত্তিক অভিযানে এসব ড্রোন ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে। তবে তুলনামূলক ধীরগতিতে এবং অনেক সময় নিচু দিয়ে উড়ার কারণে ইরান ও তার মিত্রদের কাছে এগুলো সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
হরমুজগান প্রদেশ হরমুজ প্রণালির তীরবর্তী একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ বন্দরনগর বান্দার আব্বাসও এই প্রদেশে অবস্থিত।
এর আগে পাকিস্তানের মধ্যস্থতায় এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি হয়েছিল। পরে ১৭ জুন দুই দেশ চূড়ান্ত সমঝোতার লক্ষ্যে আলোচনায় বসে। তবে নিরাপত্তার নিশ্চয়তা এবং হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা নিয়ে মতবিরোধের কারণে পরবর্তী সময়ে আলোচনা স্থবির হয়ে পড়ে।
এরপর ৮ থেকে ২৪ জুলাই পর্যন্ত দুই দেশের মধ্যে আবারও সামরিক হামলা ও পাল্টা হামলা হয়। এ সময় যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। পাল্টা জবাবে ইরান জর্ডান, বাহরাইন ও কুয়েতসহ কয়েকটি আরব দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জামে হামলার দাবি করে।