দিশেহারা অস্ট্রেলিয়া, নাহিদ রানাকে মিস করছেন গিলেস্পি

টানা দুই দিনের মতো ডারউইন টেস্টের তৃতীয় দিনেও দাপট অব্যাহত রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নিয়েছে টাইগাররা। এরপর দ্বিতীয় ইনিংসেও বল হাতে দারুণ শুরু পেয়েছে সফরকারী দল। দলীয় ৭৩ রানের মাথায় টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে ফেলেছে অস্ট্রেলিয়া। 

অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পি চোখে এই টেস্টে চালকের আসনে রয়েছে বাংলাদেশ। সেইসঙ্গে টাইগার পেসার নাহিদ রানাকেও মিস করছেন সাবেক এই অজি পেসার। 

টাইগার পেসার হাসান মাহমুদের প্রশংসা করে গিলেস্পি বলেন, 'হাসান ৫৫ রানে ৬ উইকেট নিয়েছে, যা অস্ট্রেলিয়ার বিপক্ষে যেকোনো বাংলাদেশি বোলারের সেরা বোলিং ফিগার। সে এটার প্রাপ্য ছিল, কারণ দারুণ বল করেছে। এবাদত ও তাসকিনও ভালো বল করেছে। মেহেদী কিছু বল করেছে, তাইজুলও।'

তিনি আরও বলেন 'এত ভালো বল করেছে যে দুইশর নিচে রুখে দিয়েছে অস্ট্রেলিয়াকে। প্রথম ইনিংসে বাংলাদেশের পেসাররা অনেক ভালো বল করেছে। দ্বিতীয় ইনিংসেও ভালো শুরু পেয়েছে। প্রথম ইনিংস অসাধারণ ছিল।'

পরে নাহিদ রানাকে মিস করার কথা জানিয়ে গিলেস্পি বলেন, 'নাহিদকে দেখতে পেলে ভালো হতো। সে অসম্ভব গতি ও আগ্রাসন নিয়ে বল করে। অনেক লম্বা ফাস্ট বোলার। সম্ভবত সাইড স্ট্রেইনের চোট। সে দ্রুত সেরে উঠুক।'