ব্রুনেইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ তার এক পুত্রবধূর সব রাজকীয় উপাধি প্রত্যাহার করেছেন। রাজপরিবারের সদস্য হিসেবে তার আচরণ ‘অশোভন’ ছিল বলেই এই সিদ্ধান্ত। শুক্রবার (১৪ আগস্ট) দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
চলতি মাসের শুরুতে ব্রুনেই দারুসসালামের গ্র্যান্ড চেম্বারলেইনের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, সুলতানের আদেশে অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, সুলতান হাজি হাসানাল বলকিয়াহর প্রতি অসম্মান প্রদর্শন এবং রাজপরিবারের সদস্যের স্ত্রী হিসেবে অনুপযুক্ত আচরণের কারণে পেঙ্গিরান রাবিয়াতুল আদাউইয়াহর উপাধি কেড়ে নেওয়া হয়েছে। তার এমন কর্মকাণ্ড রাজপরিবারের সুনামও ক্ষুণ্ন করেছে।
৩৩ বছর বয়সী রাবিয়াতুল আদাউইয়াহ ব্রুনেইয়ের প্রিন্স আবদুল মালিকের স্ত্রী। ৪৩ বছর বয়সী প্রিন্স আবদুল মালিক সিংহাসনের উত্তরাধিকার সূত্রে চতুর্থ স্থানে রয়েছেন। রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম আরটিবি নিউজ জানিয়েছে, রাবিয়াতুলের আচরণে সুলতানের প্রতি অসম্মান প্রকাশ পেয়েছে এবং রাজতন্ত্রের ভাবমূর্তি নষ্ট হয়েছে। তবে তিনি ঠিক কী করেছিলেন, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। গ্র্যান্ড চেম্বারলেইনের দপ্তরও এ বিষয়ে নীরব।
রাবিয়াতুল আদাউইয়াহ হারিয়েছেন ‘ইয়াং আমাত মুলিয়া পেঙ্গিরান আনাক ইস্তেরি’ উপাধি।
পর্যবেক্ষকরা বলছেন, সুলতান এর আগেও রাজপরিবারের সদস্যদের উপাধি কেড়ে নিয়েছেন। ২০০৩ সালে দ্বিতীয় স্ত্রী মারিয়াম আবদুল আজিজের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর তাঁর সব রাজকীয় উপাধি প্রত্যাহার করা হয়েছিল। একইভাবে ২০১০ সালে তৃতীয় স্ত্রী আজরিনাজ মাজহার হাকিমের উপাধিও কেড়ে নেওয়া হয়। তবে রাবিয়াতুলের বিষয়টি ভিন্ন। তিনি এখনো সুলতানের ছেলের স্ত্রী এবং রাজপরিবারের সদস্য। তাঁদের মধ্যে বিবাহবিচ্ছেদ হয়েছে কি না, সে বিষয়ে কোনো সরকারি ঘোষণা আসেনি।
প্রিন্স আবদুল মালিক ২০১৫ সালে রাজধানী বন্দর সেরি বেগাওয়ানের রাজপ্রাসাদে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে রাবিয়াতুলকে বিয়ে করেন। বিয়ের আনুষ্ঠানিকতা চলেছিল ১০ দিন, যেখানে হাজার হাজার অতিথি অংশ নেন। এই দম্পতির চার মেয়ে রয়েছে। ১০ বছর বয়সী প্রিন্সেস মুথিয়া, ৮ বছরের ফাতিয়্যাহ, ৬ বছরের খালিশাহ এবং ১৬ মাস বয়সী নাবিলাহ। মায়ের উপাধি কেড়ে নেওয়া হলেও সন্তানদের রাজকীয় উপাধিতে কোনো পরিবর্তন হয়নি।
প্রিন্স আবদুল মালিক সুলতানের প্রথম স্ত্রী রানি সালেহার সন্তান। তিন স্ত্রীর গর্ভে সুলতানের মোট ১২ জন সন্তান রয়েছে। ৮০ বছর বয়সী সুলতান হাসানাল বলকিয়াহ ব্রুনেইয়ের একচ্ছত্র শাসক। তেলসমৃদ্ধ এই ছোট দেশ বোর্নিও দ্বীপে অবস্থিত এবং চারদিক থেকে মালয়েশিয়ার ভূখণ্ড দ্বারা ঘেরা।
১৯৬৮ সালে ব্রুনেইয়ের ২৯তম সুলতান হিসেবে সিংহাসনে বসেন তিনি। বর্তমানে তিনি বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ধরে শাসন করা রাজা। তিনি থাকেন ইস্তানা নুরুল ইমানে, যেখানে রয়েছে ১ হাজার ৭৮৮টি কক্ষ। তার শাসনামলে ব্রুনেই বিশ্বের অন্যতম ধনী দেশ হিসেবে নিজের অবস্থান আরও মজবুত করেছে।