কালিয়াকৈরে গরুবাহী ট্রাক-বাস সংঘর্ষে নিহত ২, আহত ৩

গাজীপুরের কালিয়াকৈরে গরুবাহী ট্রাক ও শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। দুর্ঘটনায় ট্রাকে থাকা পাঁচটি গরু ঘটনাস্থলেই মারা যায়। মুমূর্ষু অবস্থায় আরও চারটি গরুকে জবাই করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে গোয়ালবাথান এলাকায় ঢাকামুখী লেনে গরুবাহী ট্রাকটির সঙ্গে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকের ভেতর থেকে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করে। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর ট্রাকে থাকা পাঁচটি গরু ঘটনাস্থলেই মারা যায়। এ ছাড়া মুমূর্ষু অবস্থায় থাকা আরও চারটি গরুকে স্থানীয়রা জবাই করেন।

গাজীপুর রিজিয়নের নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর দুর্ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।