কুষ্টিয়ায় আমির হামজার গাড়িতে হামলার অভিযোগ

কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদ ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৮ থেকে ১০ জন আহত হয়েছেন। এ সময় কুষ্টিয়া-৩ আসনের জামায়াতের সংসদ সদস্য আমির হামজাকে বহনকারী গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এতে গাড়িটির এক পাশের জানালার কাচ ভেঙে যায়। তবে এমপি আমির হামজা অক্ষত রয়েছেন।

শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে শহরের থানাপাড়ার ছয় রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষকে কেন্দ্র করে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এমপি আমির হামজার সাম্প্রতিক একটি বক্তব্যের প্রতিবাদে ছয় রাস্তার মোড়ে সমাবেশের আয়োজন করে গণঅধিকার পরিষদ। সমাবেশ শেষ হওয়ার দিকে আমির হামজা গাড়িবহর নিয়ে একই এলাকার নিজ বাড়িতে যাওয়ার সময় সভাস্থল অতিক্রম করেন। এ সময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়।

একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এতে এমপির গাড়ির জানালার কাচ ভেঙে যায়। এ ঘটনায় এমপির চাচা সজল (৩৫) এবং জামায়াতের অন্তত পাঁচ থেকে ছয়জন নেতাকর্মী আহত হন। আহতদের কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

সংঘর্ষের সময় ছয় রাস্তার মোড় ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে অর্ধশতাধিক দোকানপাট বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও র‍্যাব অবস্থান নেয়।

এদিকে ঘটনার পর জামায়াতের নেতাকর্মীরা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেকের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করেছেন বলে অভিযোগ করেছেন সংগঠনটির অর্থ সম্পাদক মোহাম্মদ নাজিম। তিনি আরও দাবি করেন, জামায়াতের নেতাকর্মীদের হামলায় তাদের কয়েকজন কর্মী আহত হয়েছেন।

এ বিষয়ে এমপি আমির হামজা বলেন, ‘পূর্বপরিকল্পিতভাবে গণঅধিকার পরিষদের কর্মীরা আমার গাড়িতে হামলা ও ভাঙচুর করে আমাকে অসম্মান করার চেষ্টা করেছে।’ এ ঘটনায় থানায় মামলা করার কথা জানিয়ে তিনি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই পক্ষের সংঘর্ষে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।