অটোরিকশায় মাইক্রোবাসের ধাক্কায় বিএনপি নেতা নিহত, আহত ২

নোয়াখালীর সেনবাগে ব্যাটারিচালিত অটোরিকশাকে একটি দ্রুতগতির মাইক্রোবাসের ধাক্কায় মোশারফ হেসেন মজুমদার (৫৫) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছে। এতে স্থানীয় কেশারপাড় ইউপি চেয়ারম্যান আবদুল হক সুমনসহ দুইজন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় কেশারপাড় ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ইউপি চেয়ারম্যান আবদুল হক সুমন ও বিএনপি নেতা মোশাররফ হোসেন মজুমদার একটি অটোরিকশায় কানকিরহাটের উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় দ্রুতগতির একটি মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে চেয়ারম্যান ও তার সহযাত্রী মোশারফ হোসেন মজুমদার এবং অটোরিকশাচালক গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে আহতদের সবাইকে ঢাকার নেওয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে মোশাররফ হোসেন মজুমদার মারা যায়।

নিহত মোশাররফ হোসেন মজুমদার স্থানীয় কেশারপাড় গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এবং সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইউসুফ মজুমদারের চাচাতো ভাই।

সেনবাগ থানার ওসি আব্দুর রহিম সরকার শনিবার রাতে ইত্তেফাক ডিজিটালকে জানান, সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান আব্দুল হক সুমন গুরুতর আহত এবং মোশারফ হোসেন নামে এক বিএনপি নেতা নিহতের খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফোর্স থানায় ফিরে এলে বিস্তারিত জানা যাবে। তবে মাইক্রোবাসটি আটক করা হয়েছে। চালককে পাওয়া যায়নি।