গোয়াইনঘাটে ভাতিজার দায়ের কোপে চাচা নিহত, আটক ১

সিলেটের গোয়াইনঘাটে ভাতিজার দায়ের কোপে কলিম উল্লাহ (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আমির উদ্দিন (২৭) নামে একজনকে আটক করেছে পুলিশ। ঘটনার পর পূর্ব আলীরগাঁও ইউনিয়নের দিঘিরপাড় গ্রামে উত্তেজনা বিরাজ করছে।

শনিবার (১৫ আগস্ট) উপজেলার ৫ নম্বর পূর্ব আলীরগাঁও ইউনিয়নের দিঘিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি কলিম উল্লাহর ১৮ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগ ওঠে তার চাচাতো ভাই জুবের আহমদের (১৮) বিরুদ্ধে। ঘটনার পর স্থানীয়রা জুবেরকে আটক করলেও পরে সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়।

অভিযোগ রয়েছে, ঘটনাটি ধামাচাপা দিতে জুবেরের পরিবার তার বিয়ের ব্যবস্থা করে। এদিকে স্থানীয় সালিশে বিচার না পেয়ে শনিবার দুপুরে গোয়াইনঘাট থানায় লিখিত অভিযোগ দেন কলিম উল্লাহ।

পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পর থানার এসআই নাঈমুল ও এএসআই অনুপ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। এর কিছুক্ষণ পর কলিম উল্লাহর ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, জুবের আহমদ ও তার বাবা সয়ফুল্লাহ দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালান। এ সময় জুবেরের হাতে থাকা দা দিয়ে কলিম উল্লাহর গলার বাম পাশে গুরুতর আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক মোড়ল জানান, ঘটনার পর অভিযান চালিয়ে সয়ফুল্লাহর ছেলে আমির উদ্দিনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অন্যদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তিদের বিষয়ে তদন্ত চলছে।