শাহজালাল মাজারের দানবাক্সে চিঠি

স্বামীকে ‘কুপথে’ নেওয়া ব্যক্তিদের বিচার দাবি হেনার

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে মানুষ টাকা-পয়সার পাশাপাশি নানা আকুতিও রেখে যান। কেউ চান নিজের বা স্বজনের মঙ্গল, কেউ লেখেন কোনো মানত বা প্রার্থনার কথা। শনিবার (১৫ আগস্ট) তৃতীয়বারের মতো প্রকাশ্যে দানবাক্সের টাকা গণনার সময় পাওয়া গেছে এমন কয়েকটি চিঠিও।

এরমধ্যে হেনা নামের এক নারীর লেখা একটি চিঠি নজর কেড়েছে। চিঠিতে স্বামীকে ‘কুপথে’ নেওয়া ব্যক্তিদের বিচারের জন্য প্রার্থনা করেছেন। তিনি লিখেছেন, ‘যারা আমার স্বামীকে কুপথে নিছে, আল্লাহ তুমি তাদের বিচার করিও এবং তাদের হেদায়েত করিও। আমার মতো কষ্ট যেন কেউ না পায়। আল্লাহ, তুমি মাদকদ্রব্য পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দাও।’

আরেকটি চিঠিতে ব্যক্তিগত প্রার্থনার পাশাপাশি জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনার সুস্থতা, দীর্ঘায়ু কামনা করা হয়েছে। একই চিঠিতে নেতা-কর্মীদের হয়রানি থেকে রক্ষার জন্যও প্রার্থনা করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে মাজারের দানবাক্স ও দানের ডেগগুলোর সিলগালা খোলার কাজ শুরু হয়। তিনটি ডেগ ও তিনটি বড় দানবাক্স খোলার পর সকাল সাড়ে ১০টার দিকে টাকা গণনা শুরু হয়। অন্তত ৩০ জন স্বেচ্ছাসেবী প্রকাশ্যে বসে টাকা গুনছেন। তাদের পাশে প্রশাসনের প্রতিনিধি, মাজারের মুয়াল্লি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকেরা উপস্থিত রয়েছেন।

আজ ৩৪ দিন পর দানবাক্স খোলা হলো। এর আগে সর্বশেষ ১১ জুলাই দানবাক্স খোলা হয়েছিল। তারও আগে ২২ জুন প্রথমবার নতুন দানবাক্স খুলে প্রকাশ্যে টাকা গণনা করা হয়।