গাজায় ইসরায়েলি ট্যাংকে হামলা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের একটি ট্যাংকে বিস্ফোরক দিয়ে হামলার ঘটনা ঘটেছে। 

শনিবার (১৫ আগস্ট) বাংলাদেশ সময় রাত প্রায় ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

ইসরায়েলি সেনারা জানিয়েছে, গাজার কথিত ‘হলুদ লাইনের’ কাছে গিবাতি ব্রিগেডের ট্যাংকে এ হামলার ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

তবে ইসরায়েলি বাহিনী একইদিন গাজায় দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে। দখলদাররা বলেছে, হলুদ লাইনের কাছে অবস্থানরত তাদের সেনাদের দিকে এগিয়ে আসছিল দুই ফিলিস্তিনি। এ সময় তাদের হুমকি হিসেবে ধরে গুলি করা হয়। এতে ওই দুইজন নিহত হন।

দখলদাররা কোনো তথ্য প্রমাণ ছাড়া নিজেদের হুমকি হিসেবে অভিহিত করে গাজায় নির্বিচারে ফিলিস্তিনিদের হত্যা করে থাকে। যদিও গাজায় সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে তাদের বর্তমানে যুদ্ধবিরতি চলছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দুটি ঘটনাকে যুদ্ধবিরতির চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে। তারা বলেছে, এগুলোর জবাবে গাজায় হামলার প্রস্তুতি চলছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল