ঢাকা বিমানবন্দর

ট্রলির গোপন কুঠুরিতে স্বর্ণ, ৪ ফ্লাইটে ৪৩ লাখ টাকার পণ্য আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক চার অভিযানে ট্রলির গোপন কুঠুরিতে লুকানো স্বর্ণ, ওষুধ, বিদেশি সিগারেট, নিষিদ্ধ ক্রিম-সিরাম ও মদ আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর  (সিআইআইডি)।

শনিবার (১৫ আগস্ট) বিমানবন্দরে পৃথক পৃথক অভিযানে এসব পণ্য আটক করেছে বলে এক প্রেস বিবৃতিতে জানিয়েছে এনবিআর।

কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, দিনব্যাপী পৃথক অভিযানে ১৩৩ গ্রাম স্বর্ণ, ২ হাজার ৫৮৯ পিস ওষুধ, ৫১ কার্টন বিদেশি সিগারেট, ৩১ কেজি নিষিদ্ধ ক্রিম, ৭০৮ পিস নিষিদ্ধ সিরাম এবং ৬ লিটার বিদেশি মদ আটক করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪২ লাখ ৮৮ হাজার টাকা, অর্থাৎ প্রায় ৪৩ লাখ টাকা।

এর মধ্যে দুপুরে শ্রীলঙ্কান এয়ারলাইনসের UL189 (কলম্বো-ঢাকা) ফ্লাইটে অবতরণের পর ইমিগ্রেশন ও ব্যাগেজ সংগ্রহ শেষে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় পারভেজ নামের যাত্রীকে আটক করা হয়। পরে তাকে তল্লাশির একপর্যায়ে ট্রলির বিশেষভাবে তৈরি গোপন কুঠুরিতে কৌশলে লুকানো ১৩৩ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। একই সঙ্গে লাগেজের ভেতর বিশেষভাবে রাখা ২ হাজার ৫৮৯ পিস শর্তসাপেক্ষে আমদানিযোগ্য ওষুধ পাওয়া যায়। এসব ওষুধ আমদানির ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমতিপত্র ও সংশ্লিষ্ট কাগজপত্র দেখাতে ব্যর্থ হন ওই যাত্রী। পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা।

একই দিন এয়ার ইন্ডিয়ার AI237 ফ্লাইটে আগত যাত্রী জনির ব্যাগেজ তল্লাশি চালিয়ে GRANTS ব্র্যান্ডের ৬ লিটার বিদেশি মদ আটক করা হয়। এর আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা।

অপর এক অভিযানে এমিরেটসের EK0586 ফ্লাইটে আগত মিজানুর নামের যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ২৯ কার্টন বিদেশি সিগারেট এবং ৭০৮ পিস পাকিস্তানি সিরাম আটক করা হয়। যার বাজারমূল্য ৪ লাখ ৪৯ হাজার ১০০ টাকা।

এছাড়া অপর অভিযানে সোমা বেগম নামের যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৩০ কেজি আমদানি নিষিদ্ধ গৌরি ক্রিম আটক করা হয়। এর আনুমানিক বাজারমূল্য ৬ লাখ টাকা।

যাত্রী প্রোফাইলিং ও নজরদারির ভিত্তিতে বিমানবন্দরে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।