গাছ কেটে পাখির বাসা-ডিম নষ্টের মামলায় গ্রেপ্তার ১

বগুড়ার শেরপুরের রামনগর গ্রামে গাছ কেটে পাখির বাসা, ডিম ও ছানা নষ্ট করার মামলায় আজাহার আলী (৬৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে রামনগর গ্রামে আজাহার আলীর বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি বাড়ির দেয়াল টপকে পাশের জঙ্গলে পালিয়ে যান। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, রামনগর গ্রামে নিজের জমিতে থাকা সাতটি জলপাই ও পীতরাজগাছ কেটে ফেলেন আজাহার আলী। এসব গাছে পরিযায়ী শামুকখোলসহ বিভিন্ন প্রজাতির পাখি বাসা বেঁধেছিল। গাছ কাটার সময় বাসাগুলো মাটিতে পড়ে যায়। এতে পাখির ডিম ও ছানা নষ্ট হয়।

এ ঘটনায় বন বিভাগের শেরপুর রেঞ্জের কর্মকর্তা মো. সালাহ উদ্দিন পারভেজ বাদী হয়ে গত মঙ্গলবার রাতে শেরপুর থানায় মামলা করেন। মামলায় আজাহার আলীকে একমাত্র আসামি করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা শেরপুর থানার উপপরিদর্শক শাহাদাত হোসেন বলেন, মামলা হওয়ার পর তদন্তে গাছ কেটে পাখির বাসা ও ডিম নষ্ট করার সত্যতা পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত জিনিসপত্রের আলামত সংগ্রহ করা হয়েছে।

স্থানীয় পরিবেশবাদী সংগঠন পরিবেশ প্রতিরক্ষা সংস্থার সভাপতি সোহাগ রায় বলেন, রামনগর গ্রামের বিভিন্ন গাছে পরিযায়ী শামুকখোলসহ নানা প্রজাতির পাখি নিয়মিত বাসা বাঁধে। এ কারণে এলাকাটি ‘পাখি কলোনি’ নামে পরিচিত। গত ৮ আগস্ট গাছ কাটার সময় বাসা মাটিতে পড়ে অনেক ডিম নষ্ট ও ছানা মারা যায়। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হলে ব্যাপক আলোচনা শুরু হয়।