ডারউইনে ঐতিহাসিক জয়ের পর ডেনমার্ক লিখলো, ‘সাবাশ, বাংলাদেশ’

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়া জয় পেয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে টাইগাররা। এতে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে অজিদের হারানোর কীর্তি গড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

এই ঐতিহাসিক জয়ে বাংলাদেশ ক্রিকেট দলক অভিনন্দন জানিয়েছে ডেনমার্ক দূতাবাস। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তারা লিখেছে, ‘বাংলাদেশ পুরুষ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন! অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের জন্য ডেনমার্ক টাইগারদের অভিনন্দন জানিয়েছে। সাবাশ, বাংলাদেশ!’

ডারউইন টেস্টে পুরো ম্যাচ জুড়ে আধিপত্য দেখিয়েছে টাইগাররা। চার দিনে ১১ সেশনের পুরোটাই শাসন করেছে বাংলাদেশের বোলার-ব্যাটাররা। এই জয়কে শুধু টেস্ট ক্রিকেটেই নয়, সব সংস্করণ মিলিয়েই বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় জয় হিসেবে দেখছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শান্ত বলেন, ‘এটাই এখন পর্যন্ত যেকোনো সংস্করণে বাংলাদেশের সবচেয়ে বড় জয়। আমরা ভবিষ্যতে আরও বিশেষ কিছু করতে চাই।’ 

টেস্ট ক্রিকেটে পেসারদের গুরুত্ব বাড়ানোর মানসিকতার পরিবর্তনকেই বাংলাদেশের বড় অগ্রগতি হিসেবে দেখছেন শান্ত। তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বড় পরিবর্তন এটাই। পাঁচ বছর আগেও পেসাররা টেস্ট খেলতে চাইত না। কিন্তু আমরা এখন অনেক টেস্ট খেলছি এবং তারা এই সংস্করণকে গুরুত্ব দিচ্ছে। তারা খেলতে চায়, পারফর্ম করতে চায়, বিশ্বমানের হতে চায়। এই মানসিকতাটাই এখন তাদের মধ্যে এসেছে।’