প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষাকে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক স্থায়ী কমিটির সদস্য এবং রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের মহিলা সংসদ সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা।
রোববার (১৬ আগস্ট) সকাল ১১টায় রংপুরের তারাগঞ্জ কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা মহাবিদ্যালয়ের চারতলা ভিতবিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ব্যারিস্টার সাকিলা ফারজানা বলেন, বর্তমান সরকার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। দেশের উন্নয়ন ও দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার বিকল্প নেই।
কলেজের অধ্যক্ষ আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রংপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক পরিতোষ চক্রবর্তী, জেলা বিএনপির সদস্য ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী সরকার, জেলা বিএনপির সদস্য ও কলেজের প্রতিষ্ঠাতা মো. মতিয়ার রহমান, তারাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট মাকদুম আলমসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে ব্যারিস্টার সাকিলা ফারজানা কলেজ মাঠে একটি গাছের চারা রোপণ করেন।