ডারউইনে ঐতিহাসিক টেস্ট জয়ের পর বাংলাদেশকে প্রশংসায় ভাসিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার ইয়ান বিশপ।
রোববার (১৬ আগস্ট) নিজের এক্স অ্যাকাউন্টে টাইগারদের এই সাফল্যের পর ক্যারিবীয় কিংবদন্তি ইয়ান বিশপ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সম্ভাবনাময় বাংলাদেশকে প্রাপ্য সম্মান ও স্বীকৃতি দেওয়ার সময় এসেছে এখন।
তিনি লেখেন, ‘বাংলাদেশ ক্রিকেট এবং দেশের মানুষের জন্য এটি সত্যিই এক ঐতিহাসিক অর্জন।’
তিনি মনে করেন, ‘এখন তাদের প্রাপ্য সম্মানটুকু দেওয়ার সময় এসেছে—যে স্বীকৃতি এর আগে অনেকের কাছ থেকেই হয়তো যথেষ্ট মেলেনি।’
তিনি আরও লেখেন, ‘এই জয়ে অনেকেরই গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসানসহ আরও অনেকে। তবে বিশেষভাবে হাসান মাহমুদের কথা বলতেই হয়। কয়েক বছর ধরেই তিনি দারুণ নিয়ন্ত্রিত লাইন-লেন্থে বোলিং করে আসছেন। তার বোলিং অ্যাকশনও বেশ কার্যকর ও ছন্দময়।’
তার পরই কোচ ফিল সিমন্সের কথা স্মরণ করে বলেছেন, ‘ফিল সিমন্স এবং তার পুরো দলের জন্যও দারুণ খুশি। সত্যিই অসাধারণ এক অর্জন বাংলাদেশের।’