৯০০ কর্মী ছাঁটাই করা সিইও এবার নিজেই হারালেন চাকরি

জুম কলে একসঙ্গে ৯০০ কর্মীকে চাকরিচ্যুত করে বিশ্বজুড়ে আলোড়ন তোলা ভারতীয় বংশোদ্ভূত উদ্যোক্তা বিশাল গার্গ এবার নিজেই চাকরি হারিয়েছেন। সেই আলোচিত ছাঁটাইয়ের প্রায় পাঁচ বছর পর নিজের প্রতিষ্ঠিত কোম্পানি থেকে তার এই বিদায়ের খবর সামনে এলো।

গত ৩ আগস্ট অনলাইন মর্টগেজ কোম্পানি বেটার হোম এন্ড ফাইন্যান্সের সিইও পদ থেকে গার্গকে সরিয়ে দেওয়া হয়। তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে হেজ ফান্ড ম্যানেজার ড্যানিয়েল লুইসকে। গার্গের চাকরি হারানো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

তবে চাকরি হারিয়ে চুপ করে বসে নেই গার্গ। তিনি দাবি করেছেন, লুইস কৌশলে তাকে সরিয়ে বোর্ডের আস্থা অর্জন করেছেন। গার্গের মতে, প্রায় ছয় মাস আগে লুইস তার সঙ্গে যোগাযোগ করে কোম্পানির খরচ কমানো ও লাভজনক করার বিষয়ে বিভিন্ন পরামর্শ দিয়েছিলেন।

এরপর ২৭ জুলাই লুইসকে কোম্পানির পরিচালনা পর্ষদে নেওয়া হয়। মাত্র এক সপ্তাহের মধ্যেই তিনি অন্য পরিচালকদের গার্গকে সিইও পদ থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে রাজি করান।

গার্গ বলেন, আমার ধারণা, সে সবসময়ই সিইও হতে চেয়েছিল। বোর্ড ভুল সিদ্ধান্ত নিয়েছে।

নিজের পদ ফিরে পেতে এবার আইনি পথেও হাঁটছেন গার্গ। তিনি প্রভাবশালী আইনজীবী অ্যালেক্স সাপিরোকে নিয়োগ করেছেন। বোর্ডের কাছে পাঠানো চিঠিতে তাকে আবার সিইও পদে ফিরিয়ে নেওয়ার দাবি জানানো হয়েছে।

গার্গ বলেন, তিনি গত ১০ বছর ধরে কোম্পানিটি পরিচালনা করেছেন এবং কিছু ক্ষেত্রে বাস্তবায়ন নিখুঁত না হলেও ‘বেটার ও হোমের’ ভবিষ্যৎ নিয়ে তিনি এখনও আশাবাদী।

যে ঘটনায় আলোচনায় এসেছিলেন গার্গ

২০২১ সালের ডিসেম্বরে Better-এর প্রায় ৯০০ কর্মীকে একটি জুম কলে চাকরিচ্যুত করেন গার্গ। এই কর্মীরা তখন কোম্পানির মোট কর্মীসংখ্যার প্রায় ৯ শতাংশ ছিলেন।

সেই জুম কলের ধরন নিয়ে ব্যাপক সমালোচনা হয়। ছাঁটাইয়ের কারণ হিসেবে গার্গ বাজারের দক্ষতা, কর্মদক্ষতা ও উৎপাদনশীলতার কথা বলেছিলেন। চাকরিচ্যুতদের মধ্যে কোম্পানির পুরো বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তি দলও ছিল।প্রায় পাঁচ বছর পর এবার সেই বহুল আলোচিত সিইও নিজেই চাকরিচ্যুত।