সার নিয়ে কৃত্রিম সংকট করলে কঠোর ব্যবস্থা: কৃষি সচিব

কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধভাবে সার মজুদ কিংবা অতিরিক্ত দামে বিক্রি করলে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান। তিনি বলেছেন, কৃষকের স্বার্থে সার ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি বরদাশত করা হবে না।

রোববার (১৬ আগস্ট) রংপুর অঞ্চলের সার ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও কৃষকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম এনডিসি। এতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিমসহ কৃষি মন্ত্রণালয় ও এর আওতাধীন বিভিন্ন দপ্তর-সংস্থার কর্মকর্তা এবং সার ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কৃষি সচিব বলেন, কোনো ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে, অবৈধভাবে সার মজুদ করে বা অতিরিক্ত দামে বিক্রি করে কৃষকদের হয়রানি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। কৃষক যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই প্রয়োজনীয় সার পান, তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে সার্বক্ষণিক নজরদারি প্রয়োজন।

তিনি বলেন, দেশে বর্তমানে সারের কোনো সংকট নেই। পর্যাপ্ত মজুদ রয়েছে। কোথাও কৃষকের সার পেতে সমস্যা হলে দ্রুত তা চিহ্নিত করে সমাধান করতে হবে। এ জন্য কৃষি কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তাদের আরও সক্রিয় ও দায়িত্বশীলভাবে কাজ করার নির্দেশ দেন তিনি।

সেলিম খান বলেন, কৃষকের উৎপাদন ব্যয় কমাতে সরকার সারে ভর্তুকিসহ বিভিন্ন ধরনের প্রণোদনা দিচ্ছে। কৃষি উৎপাদন বাড়ানো, কৃষকের আয় বৃদ্ধি এবং কৃষিকে লাভজনক করতে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। এসব সুবিধা যাতে কৃষক যথাযথভাবে পান, তা নিশ্চিত করতে সার সরবরাহ, মজুদ ও বিতরণ ব্যবস্থাপনায় কার্যকর নজরদারি জরুরি।

কৃষকদের সুষম সার ব্যবহারের পরামর্শ দিয়ে কৃষি সচিব বলেন, ফসলের চাহিদা অনুযায়ী সঠিক মাত্রায় ও সঠিক সময়ে সার প্রয়োগ করতে হবে। অতিরিক্ত সার ব্যবহারে উৎপাদন ব্যয় বাড়ার পাশাপাশি মাটির গুণাগুণও ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই সুষম সার ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।

মতবিনিময় সভায় রংপুর অঞ্চলে সারের সরবরাহ, মজুদ ও বিতরণ পরিস্থিতি এবং কৃষকদের সারপ্রাপ্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা এ অঞ্চলের সার ব্যবস্থাপনার বর্তমান চিত্র কৃষি সচিবের কাছে তুলে ধরেন।

পরে তিনি রংপুরের তারাগঞ্জ উপজেলার ঘনিরামপুর গ্রামের কৃষক অহিদুল ইসলামের প্রতিষ্ঠিত কমিউনিটি বেসড ভার্মিকম্পোস্ট খামার পরিদর্শন করেন। এ সময় তিনি খামারের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং কৃষকের সঙ্গে কথা বলেন।