তারকাদের বিভিন্ন সময়েই নানা ধরনের বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। বিশেষ করে উচ্ছ্বসিত ভক্তদের আচরণ কখনো কখনো অস্বস্তিতে ফেলে দেয় অভিনেতা-অভিনেত্রীদের।
এবার এমনই এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় আলোচনায় এসেছেন বলিউড অভিনেত্রী নিকিতা রাওয়াল। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। পরে বিষয়টি নিয়ে মুখ খুলে অভিনেত্রী বলেন, ‘আমি কোনো ভুল কিছু করিনি।’
ঘটনাটি গত ৮ আগস্ট ভারতের মুম্বাইয়ে আয়োজিত ‘ব্রাইট ওটিটি অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডস’-এর রেড কার্পেটে ঘটে। ‘গরম মসলা’খ্যাত নিকিতা তখন পাপারাজ্জিদের সামনে ছবি তুলছিলেন। এ সময় এক নারী ভক্ত সেলফি তোলার আবদার নিয়ে তার কাছে এগিয়ে আসেন।
ভক্তের অনুরোধে সাড়া দিয়ে নিকিতা সেলফি তোলেন। এরপরই পরিস্থিতি অস্বস্তিকর হয়ে ওঠে। অভিযোগ, সেলফি তোলার পর ওই নারী প্রথমে নিকিতার গালে চুমু দেন। পরে তাকে নিজের দিকে টেনে নিয়ে ঠোঁটে চুমু দেন।
হঠাৎ এমন ঘটনায় দৃশ্যতই অবাক হয়ে যান নিকিতা। তাকে ওই ভক্তকে থামানোর চেষ্টা করতেও দেখা যায়। এরপরও ওই নারী তাকে জড়িয়ে ধরে রাখেন। নিরাপত্তাকর্মীরা তাকে সরিয়ে নেওয়ার সময়ও তিনি নিকিতার গালে চুমু দেন।
রেড কার্পেটে ক্যামেরার সামনে ঘটে যাওয়া পুরো ঘটনাটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর বিষয়টি নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। অনেকেই ঘটনাটিকে ব্যক্তিগত স্বাধীনতা ও সম্মতির লঙ্ঘন হিসেবে দেখছেন। তাদের মতে, কেউ তারকা হলেও তার অনুমতি ছাড়া তাকে জোর করে স্পর্শ বা চুমু দেওয়া গ্রহণযোগ্য নয়।
অনেকে প্রশ্ন তুলেছেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি নারী হওয়ায় কি বিষয়টিকে তুলনামূলকভাবে হালকাভাবে দেখা হচ্ছে? তাদের মতে, এ ধরনের ঘটনায় লিঙ্গ নয়, ব্যক্তির সম্মতিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। পাশাপাশি রেড কার্পেটে তারকাদের নিরাপত্তাব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমের একটি অংশ ঘটনাটিকে প্রচারের কৌশল বা পরিকল্পিত পিআর স্টান্ট বলেও দাবি করেছে। তাদের যুক্তি, ভিডিওতে নিকিতার প্রতিক্রিয়া খুব বেশি জোরালো মনে হয়নি। যদিও অধিকাংশ নেটিজেনই অভিনেত্রীর পক্ষ নিয়েছেন এবং তাকে দায়ী বা ট্রল না করে সমর্থন জানানোর আহ্বান জানিয়েছেন।
প্রথম দিকে এ বিষয়ে নীরব থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা বাড়ার পর মুখ খুলেছেন নিকিতা। এক ভক্তের পাঠানো সহানুভূতির বার্তার স্ক্রিনশট ইনস্টাগ্রামে শেয়ার করে তিনি লেখেন, ‘এত ভালোবাসা এবং সমর্থনের জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমি সত্যিই এটির প্রশংসা করি। এবং আপনারা জানেন যে আমিই সঠিক, আমি কোনো ভুল কিছু করিনি। আমার লুকানোর কিছু নেই, এবং আমি সবসময় সত্যের পাশে থাকব।’
নিকিতা রাওয়াল হিন্দি ও দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে অভিনয় করেছেন। ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’, ‘মিস্টার হট মিস্টার কুল’, ‘দ্য হিরো: অভিমন্যু’, ‘আম্মা কি বোলি’, ‘গরম মসলা’ ও ‘কিউট কমিনা’সহ বেশ কয়েকটি সিনেমায় দেখা গেছে তাকে।
২০১২ সালে তেলুগু চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন নিকিতা। সামনে আরশাদ ওয়ার্সি ও চাঙ্কি পাণ্ডের সঙ্গে ‘রুটি কাপড়া অউর রোমান্স’ সিনেমায় অভিনয় করার কথা রয়েছে তার।