বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে রোগীদের খাবার বিতরণ: হাসপাতালের ৭ জনকে শোকজ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বহিরাগতদের খাবারের প্যাকেট বিতরণের ঘটনায় একজন চিকিৎসক, তিনজন সিনিয়র স্টাফ নার্স, দুইজন আনসার ও একজন নিরাপত্তা প্রহরীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

এ ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করতে জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডা. মো. মোরশেদ আলমকে সভাপতি করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জাকির হোসাইন স্বাক্ষরিত পৃথক চিঠিতে এ তথ্য জানা গেছে।

শোকজ নোটিশে বলা হয়েছে, গত ১৪ আগস্ট বিকেল আনুমানিক ৪টা ৫০ মিনিট থেকে ৫টার মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহিরাগত কয়েকজন ব্যক্তি কর্তৃপক্ষের বিনা অনুমতিতে ভর্তিকৃত রোগীদের মাঝে খাবার প্যাকেট বিতরণ করেন। সরকারি বিধিবর্হিভূত এ ঘটনার সময়ে কর্তব্যরত কর্মকর্তা কর্মচারীদের দায়িত্বে অবহেলা পরিলক্ষিত হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়। এ বিষয়ে কেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চেয়ে নোটিশ পাওয়ার দুই কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। 

উল্লেখ্য, গত ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইমরান হাসান সিজানের উদ্যোগে শতাধিক রোগীর মাঝে খাবার বিতরণের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।