রাঙ্গামাটির লংগদু উপজেলায় আকস্মিক ঝড়ের কবলে পড়ে কাপ্তাই হ্রদে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে মো. সালাম (২৮) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন।
রোববার (১৬ আগস্ট) বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার গুলশাখালী ইউনিয়নের সোনারগাঁও এলাকার ১০ নম্বর বিলে এ ঘটনা ঘটে।
এ সময় নিজের চার বছর বয়সী ছেলেকে বাঁচাতে গিয়ে তিনি নিখোঁজ হন বলে জানিয়েছেন স্থানীয়রা। পরে শিশুটিকে স্থানীয়রা উদ্ধার করে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
স্থানীয় জনপ্রতিনিধি ও গুলশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, মো. সালাম মাইনী বাজার থেকে নৌকায় করে বাড়ির উদ্দেশে রওনা হন। পথে আকস্মিক ঝড় শুরু হলে প্রচণ্ড ঢেউয়ের মধ্যে নৌকাটি ডুবে যায়। এ সময় সালাম তার চার বছর বয়সী ছেলেকে আঁকড়ে ধরে সাঁতরে বাঁচার চেষ্টা করেন। এক পর্যায়ে দূর থেকে একটি ট্রলার ঘটনাস্থলে এগিয়ে এসে শিশুটিকে সালামের হাত থেকে উদ্ধার করতে সক্ষম হয়।
তিনি আরও জানান, তবে প্রচণ্ড ঢেউ ও ঝড়ের কারণে সালামকে উদ্ধারের আগেই তিনি পানিতে তলিয়ে যান। পরে শিশুটিকে উদ্ধার করে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নিশাত জাহান বলেন, শিশুটির পেটে প্রচুর পানি ঢুকে যাওয়ায় হাসপাতালে আনার পর কিছুটা জটিলতা দেখা দেয়। চিকিৎসার পর বর্তমানে শিশুটি সুস্থ আছে।
এদিকে লংগদু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজ সালামকে উদ্ধারে রাঙ্গামাটি জেলা সদর থেকে ডুবুরি রওনা দিয়েছে। ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছালে উদ্ধার অভিযান শুরু করা হবে। এরই মধ্যে স্থানীয়দের সহযোগিতায় নিখোঁজ ব্যক্তির সন্ধানে অভিযান চলছে।