মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান আফরোজা খাতুনের বাড়ির সামনে থেকে ককটেলসদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৬ আগস্ট) সকালে স্কচ টেপে মোড়ানো অবস্থায় বস্তু দুটি পাওয়া যায়। পরে পুলিশ সেগুলো উদ্ধার করে হেফাজতে নেয়।
স্থানীয়রা জানান, রোববার সকালে আমতৈল ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হোসেন ও তার স্ত্রী ষোলটাকা ইউপির প্যানেল চেয়ারম্যান আফরোজা খাতুনের বাড়ির প্রবেশ পথের পাশে বোমাসদৃশ বস্তু ২টি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
এ নিয়ে মুহূর্তেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইউপি সদস্যের স্বজনেরাও ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। খবর পেয়ে হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তু দুটি উদ্ধার করে নিয়ে যায়।
গৃহকর্তা আবুল হোসেন জানান, কে বা কারা রাঁতের আঁধারে আমার বাড়ির পাশে লাল টেপ দিয়ে মোড়ানো বোমা আকৃতির বস্তু রেখে গেছে। সকালে স্থানীয় লোকজন দেখে পুলিশে খবর দিলে পুলিশ সেগুলো উদ্ধার করে নিয়ে যায়।
গাংনী থানার ওসি মহাদ্দিস মোর্শেদ চৌধুরী বলেন, উদ্ধার হওয়া বস্তু দুটি আসলে কী, তা পরীক্ষা করে দেখা হচ্ছে। এ ঘটনার পেছনে কার বা কাদের হাত আছে, তা চিহ্নিত করতে ইতিমধ্যে পুলিশ তদন্তে নেমেছে।